লারার উত্তরাধিকারীদের চ্যালেঞ্জ

আত্মবিশ্বাসী: অনুশীলনের ফাঁকে বিশ্রাম নিচ্ছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল-হাসান
ছবির ক্যাপশান, আত্মবিশ্বাসী: অনুশীলনের ফাঁকে বিশ্রাম নিচ্ছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল-হাসান
    • Author, আকবর হোসেন
    • Role, বিবিসি বাংলা, ঢাকা
  • Published

ঢাকা শহরে ক্রিকেটামোদীদের এখন আলোচনার বিষয় ওয়েষ্টইন্ডিজের সাথে কেমন হতে পারে বাংলাদেশ দলের ফলাফল।

বিশ্বকাপে দ্বিতীয় জয় পাওয়ার জন্য ওয়েষ্টইন্ডিজকে মোক্ষম প্রতিপক্ষ ভাবছে বাংলাদেশের সমর্থকরা।

বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে খেলার জন্য বাংলাদেশকে অন্তত তিনটি ম্যাচে জিততে হবে ।

ওয়েষ্টইন্ডিজকে বাদ দিলে বাকি থাকে ইংল্যান্ড, দক্ষিনআফ্রিকা এবং নেদারল্যান্ডস ।

এরমধ্যে নেদারল্যান্ডসকে তুলনামুলকভাবে সহজ প্রতিপক্ষ হিসেবেই দেখছেন বাংলাদেশের ক্রিকেটামোদীরা ।

কিন্তু ইংল্যান্ড ও দক্ষিনআফ্রিকা সহজ প্রতিপক্ষ নয়।

সেজন্যই আগামীকালের ম্যাচের দিকেই তাকিয়ে আছেন দর্শকরা৻

ক্রিকেটপ্রেমী মাহমুদুল হাসান বলেন , “নেদারল্যান্ডস ছাড়া এর পরের দলগুলো আমাদের জন্য বেশ কঠিন। তাই ওয়েষ্টইন্ডিজকে হারানোটা একটি সুযোগ বাংলাদেশের জন্য।”

ক্রিস গেইল
ছবির ক্যাপশান, প্র্যাকটিসের মাঠে ক্রিস গেইল

আয়ারল্যান্ডের সাথে জয়ের কথা উল্লেখ করে আরেকজন ক্রিকেটপ্রেমী তানভীর মাহতাব আশা করেন বাংলাদেশ ওয়েষ্টইন্ডিজের সাথে জিতবে ।

এর আগে ওয়েষ্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের জয়ের যেমন রেকর্ড আছে তেমনি বহুবার পরাজয়েরও তিক্ত অভিজ্ঞতা আছে৻

বাংলাদেশের সমর্থকরা জয়ের আশা করলেও ওয়েষ্টইন্ডিজের সাথে সেটি যে সহজ হবেনা সে কথা তারা মানছেন ।

কারন এর আগে ওয়েষ্টইন্ডিজকে বাংলাদেশ যখন হারিয়েছিল তখন তারা পূর্ণশক্তির দল ছিলনা ।

এরই মধ্যে ওয়েষ্টইন্ডিজ দলের খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়েও চুলচেরা ক্রিকেটিয় বিশ্লেষন শুরু করেছেন বাংলাদেশের সমর্থকরা ।

বিশ্বকাপের খেলা নিয়মিত দেখছেন আরিফ ফয়সাল ।

তার আশংকা ওয়েষ্টইন্ডিজের ব্যাটসম্যান ক্রিস গেইলকে নিয়ে। মি: ফয়সাল মনে করেন ওয়েষ্টইন্ডিজের এই বিধ্বংসী ব্যাটসম্যানের কাছেই হার মানতে পারে বাংলাদেশ।

তিনি বলেন , “ক্রিস গেইল যদি একবার ব্যাট হাতে দাড়িয়েঁ যায় তাহলে বাংলাদেশের জন্য সমস্যা হবে ।”

বাংলাদেশ এর আগে দু’টো ম্যাচ খেলেছে ।

ভারতের সাথে বোলিং খারাপ করলেও ব্যাটিং সমর্থকদের মন কেড়েছে ।

অন্যদিকে আয়ারল্যান্ডের সাথে ব্যাটিং হতাশ করেছে সমর্থকদের৻

তবে বোলিং-এ দারুন খুশি দর্শকরা।

কিন্তু সমর্থকদের প্রত্যাশা অনুযায়ী ব্যাটে বলে একসাথে ঠিক জ্বলে উঠতে পারছেনা বাংলাদেশ দল ।

সেজন্য সমর্থকরা এখন খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে নানা রকম মতামত দিচ্ছেন, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দলের তারকা খেলোয়াড়রা ।

তাদের নিয়ে প্রত্যাশার কথাও বলছেন সমর্থকরা।

সর্মথকরা যখন জয়ের প্রত্যাশা করছে তখন বাংলাদেশ দলের খেলোয়াড়রাও জয়ের বাইরে অন্যকিছু ভাবছেন না ।

কিন্তু ভাবনা যাই হোক ওয়েষ্টইন্ডিজের সাথে লড়াই যে খুব একটা সহজ হবে না বাংলাদেশ দলও সেটি মনে করছে না ।