ত্রিপলিতে তীব্র লড়াই চলছে

ছবির উৎস, BBC World Service
লিবিয়ার রাজধানী ত্রিপলিতে তীব্র লড়াই চলছে বলে খবর পাওয়া যাচ্ছে৻
রোববার ভোরে দীর্ঘ সময় ধরে তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে৻
সরকার দাবী করছে যে দেশের অন্যান্য জায়গায় বিদ্রোহীদের বিরুদ্ধে সরকারী বাহিনীর জয়ের আনন্দ প্রকাশ করতে গিয়ে অনেকে ফাঁকা গুলি ছোঁড়ে৻
খবর পাওয়া যাচ্ছে রাজধানীর গ্রীন স্কোয়ারে কর্নেল গাদ্দাফির সমর্থকরা সমবেত হয়ে, তাঁদের ভাষায় আল কায়দার বিরুদ্ধে তাঁদের বিজয় উদয়াপন করে উল্লাসধ্বনি করেন৻
ত্রিপোলি থেকে বিবিসির সংবাদদাতা ওয়ার ডেভিস জানিয়েছেন সেখানে পরিস্থিতি অত্যন্ত বিভ্রান্তিকর৻
ভোরবেলার তীব্র গোলাগুলির শব্দ কোথা থেকে আসছিলো সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছুই বরা যাচ্ছে না৻
বিবিসি থেকে গাদ্দাফি প্রশাসনের একজন মুখপাত্রকে টেলিফোনে যোগাযোগ করা হলে, তিনি বলেন তাঁর পক্ষে কথা বলা সম্ভব নয় কারন তাঁরা বিজয় উদযাপন নিয়ে ব্যস্ত এবং সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন তাঁদের নেই৻
এদিকে ত্রিপলির পঞ্চাশ কিলোমিটার পশ্চিমে জাউইয়া শহরের কেন্দ্রস্থলে কয়েকটি ট্যাংক চলতে দেখা গেছে বলে খবর পাওয়া গেছে৻
তবে শহরটি এখনো বিদ্রোহীদের নিয়ন্ত্রণে বলেই জানা গেছে৻
লিবিয়ার পূর্বাঞ্চলে গুরুত্বপূর্ণ তেল বন্দর রাস ল্যানুফ এবং আরেকটি গুরুত্বপূর্ণ শহর মিসরাটাও এখনো বিদ্রোহীদের নিয়ন্ত্রণে৻
কিন্তু রাস লানুফ থেকে বিবিসির সংবাদদাতা জন সিম্পসন জানিয়েছেন সেখানে বিদ্রোহীদের বিভিন্ন অবস্থানের ওপর ঘুরপাক খাচ্ছে কর্নেল গাদ্দাফির প্রতি অনুগত বাহিনীর বিভিন্ন বিমান৻
তিনি আরো জানিয়েছেন ওই শহরে বিদ্রোহীরা কিছুটা বিচলিত কারন তাদের জ্বালানি ফুরিয়ে আসছে৻
মিসরাটাতেও রোববার লড়াই হয়েছে বলে স্থানীয় হাসপাতাল সুত্রে প্রকাশ৻
লিবিয়ার বিভিন্ন এলাকা থেকে পাওয়া খবর অনুযায়ী দেশটির পূর্বাঞ্চল এখনো বিদ্রোহীদের নিয়ন্ত্রণে, আর পশ্চিমাঞ্চল সরকারী বাহিনীর নিয়ন্ত্রণে৻
এদিকে ব্রিটেনের সানডে টাইমস পত্রিকা এক রিপোর্টে বলছে, লিবিয়ার বিদ্রোহীরা পূর্বাঞ্চলে প্রায় আটজন ব্রিটিশ কমান্ডো সেনাকে আটক করেছে৻
এই সেনারা এক ব্রিটিশ দূতকে বিদ্রোহীদের নেতাদের সঙ্গে সাক্ষাতের জন্য নিয়ে যাচ্ছিল৻ কোন আমন্ত্রণ ছাড়াই ব্রিটিশ সৈন্যরা সেখানে যাওয়ায় বিদ্রোহীরা ক্ষুব্ধ হয় বলে সানডে টাইমস বলছে৻ বিদ্রোহীরা মনে করে বিদেশী সৈন্যদের উপস্থিতি কর্ণেল গাদ্দাফিকে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর সুযোগ করে দেবে৻








