খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যু

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন বুধবার সিঙ্গাপুরের এক হাসপাতালে মারা গেছেন৻
গুরুতর অসুস্থ অবস্থায় কয়েক দিন আগে তাকে চিকিৎসার জন্য সেখানে নেয়া হয়েছিল৻
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রেস সেক্রেটারী মারুফ কামাল খান জানিয়েছেন, বুধবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান৻
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর৻ তিনি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হন৻
রাজনৈতিক জীবনের শুরুতে তৎকালীন পূর্ব পাকিস্তানে তিনি বামপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়েন৻ ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন৻ বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি এই দলে যোগ দেন৻
খন্দকার দেলোয়ার হোসেন ২০০৭ সাল থেকে বিএনপি মহাসচিবের দায়িত্বে ছিলেন৻ এর আগের জাতীয় সংসদে তিনি চীফ হুইপ ছিলেন৻ দুর্নীতির অভিযোগ সহ নানা কারণে এসময় তিনি দলের ভেতরে এবং বাইরে বিতর্কিত হন৻ বর্তমান সরকারের আমলে তাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলাও রুজু করা হয়৻
প্রয়াত এই বিএনপি নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২০০৭ সালে জরুরী অবস্থা জারির পর যে কজন রাজনীতিক সাহসী ভূমিকা নিয়েছিলেন খন্দকার দেলোয়ার হোসেন ছিলেন তাদের অন্যতম৻
“এক এগারোর পর বিএনপির সবচেয়ে দুঃসময়ে তিনি দলকে রক্ষায় রুখে দাঁড়িয়েছিলেন৻ তিনি সেসময় শুধু বিএনপিকেই রক্ষা করেন নি, গণতন্ত্রকে রক্ষায়ও বড় ভূমিকা রেখেছেন৻“
ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ অন্যান্য দলের নেতৃবৃন্দও খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন৻
আওয়ামী লীগ নেত্রী এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, “এক এগারোর পর অনেকের মধ্যে যে বিচ্যূতি এবং চামড়া বাঁচানোর প্রবণতা দেখা গেছে, তিনি তাঁর মধ্যে ছিলেন না৻ অনেক অসুবিধা থাকা সত্ত্বেও তিনি রাজনীতির প্রতি তার নিষ্ঠার প্রমাণ রেখেছেন৻“








