গাদ্দাফির চুড়ান্ত হামলার প্রস্তুতি

ছবির উৎস, Reuters
লিবিয়ার বিদ্রোহীরা বেনগাজী অভিমুখে সরকারী বাহিনীর অগ্রযাত্রা থামিয়ে দিতে পেরেছে বলে মনে করা হচ্ছে৻
কিন্তু খবরে জানা যাচ্ছে, কর্ণেল গাদ্দাফির বাহিনী আরেকটি বড় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে৻
বিবিসির এক সংবাদদাতা জানাচ্ছেন, কৌশলগতভাবে গুরুত্বপূণ আদজাবিয়া শহরে বিদ্রোহীরা ভারী অস্ত্র-শস্ত্র মোতায়েন করেছে৻ বিদ্রোহীদের একটি জঙ্গী বিমান সরকারী বাহিনীর ওপর হামলা চালিয়ে তাদের পিছু হটিয়ে দিতে সক্ষম হয়৻
তবে বিবিসির সংবাদদাতা বলছেন, সরকারী বাহিনীর তুলনায় বিদ্রোহীদের অস্ত্রবল খুবই সীমিত৻
বেনগাজী অভিমুখে আদজাবিয়া হচ্ছে সর্বশেষ শহর, এটি বিদ্রোহীদের হাতছাড়া হলে সরকারী বাহিনী বেনগাজীর দিকে চুড়ান্ত হামলার জন্য যাবে বলে আশংকা করা হচ্ছে৻
নো ফ্লাই জোনের পক্ষে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র জানিয়েছে লিবিয়ার আকাশে বিমান উড্ডয়ন নিষিদ্ধ করার এক প্রস্তাবে তারা সমর্থন দেবে৻ যুক্তরাষ্ট্র একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি লিবিয়ার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছে৻
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত সুজান রাইস বলেছেন, কর্ণেল গাদ্দাফির বাহিনীর হামলা থেকে লিবিয়ার বেসামরিক লোকজনকে রক্ষায় কেবল ‘নো ফ্লাই জোন‘ আরোপ করাই যথেষ্ট হবে না৻
নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার আরও পরের দিকে নো ফ্লাই জোন আরোপ করার প্রশ্নে ভোটাভুটি হওয়ার কথা৻
তবে এই প্রস্তাবে রাশিয়া এবং চীন ভেটো দিতে পারে বলে মনে করা হচ্ছে৻ এই দুটি দেশ সেখানে কোন ধরণের সামরিক হস্তক্ষেপের ব্যাপারে তাদের অনীহার কথা জানিয়েছে৻
তবে ব্রিটেন এবং ফ্রান্স, যারা এই নো ফ্লাই জোন আরোপের প্রস্তাব এনেছে, তারা আশা করছে কেউ এর বিপক্ষে ভোট দেবে না, কারণ আরব দেশগুলোর জোট আরব লীগও একই অনুরোধ জানিয়েছে৻








