চু্ল্লীর বাইরের পানিতে তেজস্ক্রিয়তা

Fukushima nuclear plant
ছবির ক্যাপশান, টোকিওতে পারমানবিক বিদ্যুতের বিরুদ্ধে বিক্ষোভ
Published

জাপানে সুনামিতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের একটি চুল্লীর বাইরের পানিতে প্রথমবারের মতো উচ্চমাত্রায় তেজষ্ক্রিয়তা পাওয়া গেছে।

পারমাণবিক কেন্দ্রটি রক্ষাণাবেক্ষনের জন্য যেসব পরিখা রয়েছে সেখানকার পানিতে বিপজ্জনক তেজষ্ক্রিয়তা শনাক্ত হয়েছে।

ভূমিকম্প এবং সুনামিতে জাপানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১১ হাজার৻ প্রায় দু লক্ষ লোক ঘরবাড়ি ছেড়ে অস্থায়ী আশ্রয় শিবিরে বাস করছে৻ এ মাত্রার প্রাণ এবং সম্পদহানি জাপানের মত একটি উন্নত দেশের জন্য বিরল ট্রাজেডি৻ তবে সেই শোক ছাপিয়ে জাপানের কাছে এখন বড় উদ্বেগ হয়ে দেখা দিয়েছে দুর্ঘটনা কবলিত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র৻

দু সপ্তারও বেশী সময় ধরে অব্যাহত চেষ্টার পরেও কোনোভাবেই এটাকে নিয়ন্ত্রণে আনতে পারছে না জাপান৻

সর্বশেষ যে ঘটনা জাপানের সরকার স্বীকার করছে তা হলো পারমাণবিক চু্ল্লীগুলো যে ভবনে তার বাইরে খুবই উচুমাত্রার তেজস্ক্রিয় পানি পাওয়া গেছে৻

চুল্লীর জ্বালানি রড গলছে

জাপানে কেবিনেট সচিব ইয়োকিয়ো ইদানো বলছেন দু নম্বর চু্ল্লীতে পারমাণবিক জ্বালানী রড হয়ত গলতে শুরু করেছে৻ তবে তিনি আশ্বস্ত করার চেষ্টা করেন যে রডটি অব্যাহতভাবে গলছে না৻

বিশেষ্জ্ঞরা বলছেন সর্বশেষ এ ঘটনা খুবই উদ্বেগের বিষয়৻

জানা গেছে অত্যন্ত তেজস্ক্রিয় এই পানি পাওয়া গেছে পারমানিক কেন্দ্রটির দুই নম্বর চু্ল্লীর সাথে লাগোয়া সুড়ঙ্গে৻ সুড়ঙ্গের শেষ মাথা সমুদ্রের কাছাকাছি, এবং সুড়ঙ্গের ভেতর সেই পানির উচ্চতা বাড়ছে৻

ফলে উদ্বেগ দেখা দিয়েছে তেজন্ত্রিয় এই পানি কোনোভাবে সমুদ্রের পানিতে গিয়ে মেশে কিনা৻

তবে পারমাণবিক কেন্দ্রটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ টেপকো আশ্বস্ত করছে, এখনো পানি চুঁইয়ে সাগরে মিশেছে তার প্রমান নেই৻ জাপানের কেবিনেট সচিব বলেছেন এ মূহুর্তে প্রথম অগ্রাধিকার হচ্ছে এই পানি যাতে কোনোভাবেই সাগরের পানিতে বা মাটিতে না মেশে তা নিশ্চিত করা ৻

তেজস্ক্রিয়তা নিয়ে জনমনে উদ্বেগ

জনমনে উদ্বেগ কমাতে কর্তৃপক্ষ ক্রমাগত মানুষকে আশ্বাস দিচ্ছেন৻ তারপরেও মানুষ উদ্বিগ্ন৻ সম্প্রতি টোকিওর কোনো কোনো জায়গায় ট্যাপের পানিতে স্বাভাবিকের চেয়ে উঁচুমাত্রার তেজস্ক্রিয়তা পাওয়ার ঘোষণা দেয়া হয়৻ পরদিনই স্বাভাবিকতা ফিরে আসার ঘোষণার পরেও অনেক মানুষ ট্যাপের পানি খাচ্ছেন না ৻

এমন একজন টোকিওর বাসিন্দা লারা সাওয়াদা বলেন, তিনি বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাই ট্যাপের পানি খাচ্ছেন না৻ বাচ্চাদের তো অবশ্যই খাওয়াচ্ছেনা না৻

তার কথা, যদিও সরকার বলছে পানিতে এখন আর কোনো সমস্যা নেই, তারপরও তিনি ঝুঁকি নিতে রাজী নন৻

ফুকুশিমা নিয়ে সরকার ঠিকঠাক তথ্য দিচ্ছে কি না তা নিয়ে জাপানে জনমনে সন্দেহ বাড়ছে৻ সন্দেহ বাড়ছে জাপানের বাইরেও৻ ফুকুশিমার আশেপাশে উৎপাদিত শাকসব্জিতে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে – এ খবরের পর জাপান থেকে খাদ্যদ্রব্য আমাদানি বন্ধ রেখেছে বেশ কিছু দেশ৻