হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

ছবির উৎস, Focus Bangla
- Author, কাদির কল্লোল
- Role, বিবিসি বাংলা
- Published
- পড়ার সময়: ১ মিনিট
বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ড: মুহাম্মদ ইউনুসের আবেদনের শুনানি আগামী ৪ঠা এপ্রিল পর্যন্ত মুলতুবী করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আপীল বিভাগ ঐ সময়ের মধ্যে ড: ইউনুসকে আপীলের অনুমতি চেয়ে আবেদন করতে বলেছে।
এর আগে নোবেল বিজয়ী ড: ইউনুসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেবার সরকারী সিদ্ধান্ত হাইকোর্ট বহাল রেখেছিল।
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ নিয়ে হাইকোর্টের রায় স্থগিত করার জন্য প্রফেসর মুহাম্মদ ইউনুসের আবেদন আপিল বিভাগে শুনানির জন্য এসেছিল।
কিন্তু তাঁর পক্ষের আইনজীবী হাইকোর্টের রায়ের অনুলিপি না পাওয়ার কথা তুলে ধরেন, তখন প্রধান বিচারপতির নেতৃত্বে আপীল বিভাগের পুর্নাঙ্গ বেঞ্চ ঐ আবেদনের শুনানি ৪ঠা এপ্রিল ২০১১ পর্যন্ত মুলতবি করেন।
তবে আপিল বিভাগ এই সময়ের মধ্যে প্রফেসর মুহাম্মদ ইউনুসকে আপিলের অনুমতি চেয়ে আবেদন করতে বলেছেন।
সরকারের পক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন হাইকোর্ট রায়ের কপি সহ ড. ইউনুসকে আপিলের অনুমতি চেয়ে আবেদন করতে হবে।
আর আদালত সে অনুমতি দিলে তা আপিলে পরিণত হবে।
ড. মুহাম্মদ ইউনুসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ ব্যাংক আদেশ জারি করেছিল গত ২রা মার্চ।
এর বিরুদ্ধে ড ইউনুস এবং গ্রামীণ ব্যাংকের নয় জন পরিচালকের দু'টি রিট আবেদন খারিজ করে দিয়ে হাইকোর্ট বাংলাদেশ ব্যাংকের অব্যাহতি দেওয়ার ঐ সিদ্ধান্ত বহাল রাখে।
ড. ইউনুসের পক্ষের আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেছেন, তাঁর মক্কেল হাইকোর্টের ওই রায় স্থগিত করার জন্য দু'টি আবেদন করেছিলেন এখন তারা আপিলের অনুমতি চেয়ে আবেদন করবেন।
ড মুহাম্মদ ইউনুসের আইনজীবী আরও জানিয়েছেন পরবর্তী শুনানির দিন অর্থাৎ ৪ঠা এপ্রিল তাদের আপিলের অনুমতি চেয়ে আবেদনের উপর শুনানি করা যেন সম্ভব হয় এখন সেই চেষ্টাই তারা করছেন।








