ক্রিকেট বিশ্বকাপ ভারতের

sachin_tendulkar
ছবির ক্যাপশান, বিশ্বকাপ জেতার পর ভারতীয় দলের উচ্ছাস।
Published

বিশ্বকাপ ক্রিকেটে শ্রীলংকাকে হারিয়ে দ্বিতীয়বারের মত শিরোপা ঘরে নিল ভারত।

খেলায় ভারতীয় দলের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনী ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

এছাড়া ভারতীয় দলের যুবরাজ সিং ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন।

মুম্বাই-এর ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোববার বেলা তিনটায় শুরু হয় দিবা-রাত্রির ম্যাচটি।

টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান করে বিশ্বকাপের আরেক সহ-আয়োজক শ্রীলংকা।

দলের পক্ষে ১৫৯ বলের হার না মানা ইনিংস খেলে ১০৩ রান করেন মাহেলা জয়বর্ধনে।

শ্রীলংকা-র ছুঁড়ে দেয়া ২৭৫ রানের লক্ষ্যে পৌঁছাতে ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পড়ে ভারতীয় উদ্বোধনী জুটি।

World Cup
ছবির ক্যাপশান, দ্বিতীয়বারের মত বিশ্বকাপ শিরোপা ঘরে নিল ভারত।

পরের ইনিংসে প্রথম ওভারেই শ্রীলংকার বোলার লাসিথ মালিঙ্গার বলে এলবিডব্লিউ হন বীরেন্দর শেওয়াগ।

তিনি কোনো রান করতে পারেননি।

৭ম ওভারের প্রথম বলে আবারো মালিঙ্গার বলেই ঘায়েল হন শচিন টেন্ডুলকার। তার সংগ্রহ ১৮ রান।

পরে দলের হাল ধরেন গৌতম গাম্ভির ও বিরাট কোহলি।

২২তম ওভারের চতুর্থ বলে তিলকরত্ন দিলশান নিজের করা বলে বিরাট কোহলির ক্যাচ নিয়ে এই জুটিটি ভাঙেন।

কোহলি ৪৯ বল খেলে ৩৫ রান করেন।

গৌতম গাম্ভীর এবং অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনী ব্যাট হাতে ভারতীয় দলকে জয়ের স্বাদ পাইয়ে দেন।

ধোনী শেষ পর্যন্ত ৯১ রানে অপরাজিত থাকেন।

এদিকে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে শ্রীলংকা দলে অ্যাঞ্জেলা ম্যাথিউসের পরিবর্তে খেলছেন সুরাজ রানদিভ এবং ভারতীয় দলে আশীষ নেহরার পরিবর্তে খেলেন শ্রীশান্ত।

mahendra_singh_dhoni
ছবির ক্যাপশান, বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্রর সিং ধোনী'র নেওয়া একটি শট।

বিশ্বকাপ ক্রিকেটে এই প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার দু'টি দেশ ফাইনালে খেলছে।

ফাইনাল খেলা উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় মুম্বাই এবং এর আশেপাশের এলাকায়।

মোতায়েন করা হয় ১০ হাজারের বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য।

২০০৮ সালে মুম্বাই-এ সন্ত্রাসী হামলার পর এই প্রথম সেখানে বড় ধরনের কোন আয়োজন করা হল।