এসইসি-কে দায়ী করল তদন্ত কমিটি

ছবির উৎস, Focus Bangla
বাংলাদেশের শেয়ার বাজারে সাম্প্রতিক অস্থিরতার তদন্তে গঠিত কমিটি তাদের রিপোর্টে নিয়ন্ত্রক সংস্থা এসইসি-র অদক্ষতাকেই মূলত দায়ী করেছে৻
বৃহস্পতিবার এই তদন্ত কমিটির প্রধান, কৃষি ব্যাঙ্কের চেয়ারম্যান ইব্রাহিম খালেদ অর্থমন্ত্রীর কাছে তাঁদের তদন্ত প্রতিবেদন দাখিল করেন৻
তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর মি খালেদ সাংবাদিকদের জানান, বাজারে অস্থিরতার জন্য দায়ী অনেক পক্ষই – যেমন শেয়ার ইস্যুয়ার, ইস্যু ম্যানেজার, ব্রোকার, ডিলার এরা সবাই৻
কিন্তু বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা এসইসি কাঙ্ক্ষিত পেশাগত দক্ষতা নিয়ে কাজ করতে পারলে এই পরিস্থিতি সামাল দেওয়া যেত – কিন্তু সেটা তারা করতে পারেনি বলেই কমিটি অভিমত প্রকাশ করেছে৻
কমিটি তাদের রিপোর্টে এসইসি বা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে পুরোপুরি ঢেলে সাজা বা আমূল সংস্কারের সুপারিশ করেছে৻
মি খালেদ আরও বলেছেন, সরকারি ও বিরোধী দলের সঙ্গে জড়িত অনেক ব্যবসায়ীই পুঁজিবাজারে কারসাজির সঙ্গে জড়িত ছিলেন – তবে তারা আইনের মধ্যে থেকেই তাদের কাজ চালিয়েছেন, যদিও সেটা অনৈতিক ছিল বলেই কমিটির মনে হয়েছে৻
শেয়ার বাজারে কারসাজির মাধ্যমে বেশ কিছু পরিমাণ টাকা বিদেশে পাচার করা হয়েছে বলেও তদন্ত কমিটি মনে করছে৻
এই রিপোর্ট পাওয়ার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, তদন্ত প্রতিবেদনে যে-সব ব্যক্তির নাম করা হয়েছে সেই সব নাম গোপন করে তার পরেই রিপোর্টটি তারা প্রকাশ করবেন৻

ছবির উৎস, BBC Bangla
এর কারণ হিসেবে তিনি বলেন, রিপোর্টে উল্লিখিত ব্যক্তিরা অত্যন্ত প্রভাবশালী এবং এ ব্যাপারে আরও পরীক্ষানিরীক্ষার প্রয়োজন আছে বলে প্রতিবেদনেই উল্লেখ করা হয়েছে৻ এ কারণে আগেই তারা রিপোর্টের নামগুলো প্রকাশ করতে চান না৻
গত ২৭ জানুয়ারি বাংলাদেশ ব্যাঙ্কের সাবেক ডেপুটি গভর্নর ও কৃষি ব্যাঙ্কের চেয়ারম্যান ইব্রাহিম খালেদকে প্রধান করে তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল৻
পরে কমিটিতে অবশ্য আরও এক জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়৻ প্রথমে তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হলেও পরে সময় কমিয়ে আনা হয়৻
কমিটির বাকি সদস্যরা হলেন বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী, আইসিএবি-র সাবেক সভাপতি মোহাম্মদ আবদুল বারী ও ব্যারিস্টার নিহাদ কবির৻








