গাদ্দাফির ব্যাপারেও আলোচনায় রাজী লিবিয়া

আজদাবিয়ার বাইরে বিদ্রোহী সেনা
ছবির ক্যাপশান, আজদাবিয়ার বাইরে বিদ্রোহী সেনা
Published

লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রী আবদেল আটি আল ওবেইদি ইঙ্গিত দিয়েছেন যে যুদ্ধবিরতির পর কর্ণেল গাদ্দাফির ভবিষ্যত নিয়েও আলোচনা হতে পারে৻

বিবিসির সঙ্গে এক সাক্ষাতকারে মিঃ ওবেইদি বলেন, যুদ্ধবিরতির বিষয়ে লিবিয়া আন্তরিক এবং এই যুদ্ধবিরতি সত্যি সত্যি কার্যকর হচ্ছে কিনা তা যাচাই করতে বিদেশী পর্যবেক্ষকদের আসতে দিতেও রাজী৻

তবে ব্রিটেন লিবিয়ার বিদ্রোহীদের সাহায্য করার লক্ষ্যে সেখানে সামরিক দল পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে মিস্টার ওবেইদি তার তীব্র সমালোচনা করেন৻

তিনি বলেন, ব্রিটেনের এই পদক্ষেপ লিবিয়ায় শান্তির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্থ করবে৻

আবদেল আটি আল ওবেইদি বলেন, বিদ্রোহী নিয়ন্ত্রিত বেনগাজীতে ব্রিটিশ সামরিক উপস্থিতি বরং যুদ্ধকে দীর্ঘায়িত করবে৻

উল্লেখ্য ব্রিটেন মঙ্গলবার ঘোষণা করে যে বিদ্রোহীদের সাহায্য করার জন্য তারা বেনগাজীতে দশ সদস্যের এক সামরিক পরামর্শক দল পাঠাচ্ছে৻

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন, বিদ্রোহীদের এরা কোন সামরিক প্রশিক্ষণ দেবে না, তবে যোগাযোগ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং অন্যান্য বিষয়ে পরামর্শ দেবে৻

লিবিয়া হুঁশিয়ারী দেয় যে মানবিক সাহায্যের নামে তাদের মাটিতে বিদেশী সেনা পাঠানো হলে তাদের ওপর হামলা চালানো হবে৻

এর আগে, লিবিয়ার সরকার বলে তারা আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোকে তাদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে ঢুকতে দেবে৻

জাতিসংঘের কর্মকর্তারা বলেন, এর ফলে ত্রাণকর্মীরা রাজধানী ত্রিপোলিতে কাজ শুরু করতে পারবেন, এবং নির্বিঘ্নে লিবিয়ায় আসা-যাওয়া করতে পারবেন৻

অন্যদিকে, যুদ্ধ-বিধ্বস্ত শহর মিসরাতা থেকে প্রায় এক হাজার লোককে উদ্ধার করে বিদ্রোহী-নিয়ন্ত্রিত বেনগাজিতে নিয়ে আসা হয়েছে৻

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম পরিচালিত এই উদ্ধার অভিযানের ফলে প্রায় এক হাজার বাংলাদেশী মিসরাতা থেকে নিরাপদ স্থানে চলে আসতে পেরেছে৻

লিবিয়ার পশ্চিমাঞ্চলে মিসরাতাই একমাত্র শহর যেটা এখনো বিদ্রোহীদের দখলে আছে৻

গত কয়েক সপ্তাহ ধরে কর্নেল গাদ্দফির অনুগত সৈন্যরা মিসতারায় হামলা চালাচ্ছে৻

সংঘর্ষে কয়েক‘শ লোক নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে৻

আইওএম বলছে হাজার হাজার মানুষ মিসরাতা থেকে পালিয়ে আসার জন্য অপেক্ষা করছে৻

অবরুদ্ধ মিসরাতার বেশির ভাগ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে, কিন্তু শহরে খাবার এবং ওষুধের সরবরাহ দ্রুত শেষ হয়ে যাচ্ছে৻

পশ্চিমা জোট নেটো অভিযোগ করেছে যুদ্ধে লিবিয়ার সরকারি বাহিনী ‘আপত্তিকর‘ এবং ‘অনৈতিক‘ কৌশল ব্যবহার করছে৻

লেফটেন্যান্ট জেনারেল চার্লস বুশার্ড, যিনি লিবিয়ায় নেটোর সামরিক অভিযানে নেতৃত্ব দিচ্ছেন, বলেছেন শহরের ভেতরে পরিস্থিতি খুবই কঠিন৻

বিভক্ত শহর মিসরাতা
ছবির ক্যাপশান, মিসরাতা : বিভক্ত শহর