রূপকথার বিয়ের মধুর সমাপ্তি

ছবির উৎস, bbc
এটি ছিল এমন এক মূহুর্ত, যা দেখার জন্য টেলিভিশনের সামনে প্রতীক্ষায় ছিলেন সারা বিশ্বের কোটি কোটি মানুষ৻
বরের পরনে লাল রঙের সেনা উর্দি৻ কনের পরনে ছিল লম্বা সাদা গাউন৻
ওয়েস্ট মিনস্টার গির্জার গুরুগম্ভীর পরিবেশে অ্যাংলিকান চার্চের প্রধান আর্চ বিশপ রোয়ান উইলিয়ামস তাদের বিয়ের শপথ বাক্য পাঠ করালেন৻ ঘোষণা করলেন উইলিয়াম এবং ক্যাথারিন এখন স্বামী স্ত্রী৻
লন্ডনের রাস্তার ধারে ভিড় করে দাঁড়ানো হাজার হাজার মানুষ হর্ষধ্বনিতে ফেটে পড়লেন৻ এই একই উল্লাসধ্বনি শোনা গেল ব্রিটেন জুড়ে আয়োজন করা শত শত স্ট্রীট পার্টি থেকে৻
যাকে বলা হচ্ছিল রূপকথার বিয়ে, ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকারী হিসেবে দু নম্বর স্থানে থাকা প্রিন্স উইলিয়াম আর ক্যাথারিন মিডলটনের পরিণয় এভাবেই সম্পন্ন হলো৻
দু‘হাজার অতিথি
বিয়েতে নিমন্ত্রণ করা হয়েছিল প্রায় দু হাজার মানুষ৻ সকাল আটটার পর থেকেই তারা হাজির হতে থাকেন ওয়েস্টমিনস্টার গির্জায়৻

ছবির উৎস, AP
আমন্ত্রিতদের মধ্যে ছিলেন বিশ্বের নানা দেশের রাজপরিবারের সদস্যরা৻ ছিলেন ব্রিটেনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত৻ আরও ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সহ মন্ত্রিসভার সদস্য এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা৻
অতিথিদের পর একে একে আসতে শুরু করেন রাজপরিবারের সদস্যরা৻ কনের পোষাকে কেট মিডলটনকে বহনকারী গাড়ী যখন রাস্তায় নামে, তখন হর্ষধ্বনি দিয়ে তাকে স্বাগত জানান রাস্তার দুধারে অপেক্ষমান জনতা৻
ওয়েস্ট মিনস্টার গির্জায় এই বিয়ের পুরো আয়োজন ছিল নিখুঁত, সুচারু৻ কোন ছন্দপতন ছিল না কোথাও৻ রাজপরিবারের প্রথা অনুযায়ী প্রিন্স উইলিয়াম রাণীর দেয়া ওয়েলস্ গোল্ড দিয়ে তৈরী আংটি পরিয়ে দেন কেট মিডলটনকে৻
বিয়ে পড়ানোর পর্ব শেষ হওয়ার পর রীতি অনুযায়ী নব দম্পতি গির্জার একটি কক্ষে গিয়ে ম্যারেজ রেজিস্টারে স্বাক্ষর করেন৻ সেখানে রাজপরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তারা একান্তে কিছু সময় কাটান৻
গির্জার সব আনুষ্ঠানিকতা শেষে এবার রাজপ্রাসাদে ফেরার পালা৻ কেট মিডলটন যখন গির্জায় আসেন, তখন তিনি ছিলেন ব্রিটেনের এক সাধারণ নাগরিক৻ কিন্তু বিয়ের পর এখন তিনি রাজপরিবারের বধু৻
ঘোড়ায় টানা হুড খোলা গাড়ী নব দম্পতিকে নিয়ে চললো বাকিংহাম প্রাসাদের দিকে৻ রাস্তার দুধারে অপেক্ষমান মানুষ যেন ঠিক এই মূহুর্তেরই প্রতীক্ষায় ছিলেন৻
হাজার হাজার মানুষ পতাকা দুলিয়ে,হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানায়৻
ব্রিটেন জুড়ে উৎসব
বহুদিন পর ব্রিটেনের মানুষের এরকম একটি জাঁকজমকপূর্ণ রাজকীয় বিয়ে দেখার সুযোগ পেয়েছেন৻ তাই এ নিয়ে মানুষের উৎসাহের কোন কমতি ছিল না৻

ছবির উৎস,
অনেকেই একে তুলনা করেছেন তিরিশ বছর আগে প্রিন্স চার্লস আর লেডি ডায়ানার বিয়ের সঙ্গে৻
হাজার হাজার মানুষ মানুষ নবদম্পতিকে এক নজর দেখার জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তায় অপেক্ষা করেছেন৻
মধুর সমাপ্তি
রাজপরিবারের বিয়ের আরেকটি রীতি অনুযায়ী বর কনে পুরো পরিবার নিয়ে হাজির হলেন বাকিংহাম প্রাসাদের বেলকনিতে৻
সেখান নবদম্পতি পরস্পরকে চুম্বন করলেন বাইরে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষের সামনে৻ এভাবেই রূপকথার এই বিয়ের অনুষ্ঠানের মধুর সমাপ্তি টানা হলো৻
কেট মিডলটন হচ্ছেন গত সাড়ে তিনশো বছরের মধ্যে ব্রিটিশ রাজপরিবারের কোন উত্তরাধিকারীর জন্য সাধারণ পরিবার থেকে আসা কোন প্রথম বধু৻
কিন্তু এখন তিনি আর সাধারণ নন, বিয়ের পর থেকে তিনি হার রয়্যাল হাইনেস ডাচেস অব ক্যামব্রিজ৻ আর প্রিন্স উইলিয়ামের নতুন উপাধি, ডিউক অব ক্যামব্রিজ৻
রাণী এলিজাবেথ শুক্রবার তাদের এই নতুন খেতাব দিয়েছেন৻ বিয়েতে তাদের জন্য এটিই ছিল রাণীর উপহার৻








