জাতীয় পার্টির লংমার্চ শুরু
- Author, শায়লা রুকসানা
- Role, বিবিসি বাংলা, ঢাকা
- Published

ছবির উৎস, focusbangla
ভারতের কাছ থেকে অভিন্ন নদী তিস্তার পানির ন্যায্য ভাগ আদায়ের দাবিতে তিস্তা অভিমুখে দুদিনের এক লংমার্চ শুরু করেছে বাংলাদেশের ক্ষমতাসীন মহাজোট সরকারের অন্যতম শরিক দল জাতীয় পার্টি।
তারা বলছে, দায়িত্ব পেলে তারা তিস্তার পানির ন্যায্য ভাগ আদায়ে ভূমিকা রাখতে পারবে।
কিন্তু মহাজোটের নেতৃত্বাধীন দল আওয়ামী লীগ বলেছে, এ ধরনের বিষয় কূটনৈতিকভাবে মোকাবেলা করতে হয়। তারা জাতীয় পার্টির এই কর্মসূচীকে রাজনৈতিক কৌশল বলে উড়িয়ে দিয়েছে৻
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে ঢাকার বনানী থেকে মঙ্গলবার সকালে শুরু হওয়া এই কর্মসূচী বুধবার তিস্তা ব্যারেজ পৌছানোর পর শেষ হবে।
এর মাঝে পথে বিভিন্ন স্থানে সভা-সমাবেশে বক্তৃতা করছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ও অন্যান্য নেতা-কর্মীরা।
এসব পথসভায় তিস্তা নদীর পানি বন্টনে একটি চুক্তি করতে সরকার ব্যর্থ হয়েছে বলে তাঁরা দাবি করেন৻
মহাজোটের শরিক দল হয়েও কেন জাতীয় পার্টি এরকম লংমার্চ করছে?
এ প্রশ্নের উত্তরে দলের মহাসচিব রুহল আমিন হাওলাদার বলেন, এই লং মার্চের মধ্য দিয়ে জাতীয় ঐক্য তৈরীর স্বপ্ন দেখছেন তারা৻
সরকারের সাথে এই বিষয়ে কোন আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সরকারের দিক থেকে নানা তৎপরতা চালানো হচ্ছে৻ তবে তারা মনে করেন, সাবেক প্রেসিডেন্ট এরশাদ যেভাবে তিস্তা ব্যারাজ নির্মাণে সফল হয়েছেন, সেভাবে তিনিই কেবল এই সঙ্কট সমাধান করতে পারেন৻
এদিকে জাতীয় পার্টির এই কর্মসূচীকে রাজনৈতিক কৌশল বলেই মনে করা হচ্ছে সরকারের পক্ষ থেকে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মাহবুবুল আলম হানিফ বলেন, দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট এধরনের যে কোনো বিষয়ের অগ্রগতি হয় নির্দিষ্ট কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে। রোডমার্চ বা লংমার্চ কমূসূচি এখানে কোনো ভূমিকা রাখতে পারে বলে তারা মনে করেন না।
উল্লেখ্য এর আগে গত ডিসেম্বর মাসে টিপাইমুখে বার্ধ নির্মাণে ভারতের উদ্যোগের প্রতিবাদে সিলেট অভিমুখে লংমার্চ কর্মসূচির আয়োজন করেছিল জাতীয় পার্টি।








