চীনে অধিকাংশ লোকই শহরবাসী

ছবির উৎস, Reuters
চীনের ইতিহাসে এই প্রথমবারের মতো শহরে বাস করে এমন লোকের সংখ্যা গ্রামে বসবাসকারী লোকের সংখ্যাকে ছাড়িয়ে গেছে৻
দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর কমিশনার মা জিয়ান তাং বলছেন, শহরে বাস করে এমন লোকের সংখ্যা বেড়ে ৫১ দশমিক ২৭ শতাংশে পৌছেছে৻
এর ফলে এই প্রথম বারের মতো চীনে নাগরিক জনসংখ্যা ৫০ শতাংশের ওপরে উঠলো৻ এটা গত বছরের চাইতে এক দশমিক তিন দুই শতাংশ বেশি৻
চীনকে ঐতিহাসিকভাবেই দেখা হতো একটি গ্রামীণ কৃষিপ্রধান সমাজ হিসেবে৻ কিন্তু চীনে অর্থনৈতিক সংস্কার শুরু হওয়ার পর থেকে গত তিন দশকে সে পরিস্থিতি আমূল বদলে যাচ্ছে৻ চীনের দ্রুতবর্ধনশীল অর্থনীতির সুবিধা পাবার জন্যে অসংখ্য মানুষ গ্রাম ছেড়ে শহরে আসতে থাকায় চীনের বিশাল জনগোষ্ঠীর ভেতরে শুরু হয়েছে ঠিকানা বদলের প্রক্রিয়া৻

ছবির উৎস, AFP
২০১১ সালে আরো ২ কোটি ১০ লাখ লোক শহরে বাস করতে এসেছে এবং এদের একটি বড় অংশ হচ্ছে অভিবাসী শ্রমিক৻
চীনে এখন গ্রামে বাস করছে এমন লোকের সংখ্যা ৬৫ কোটি ৬৬ লাখ৻ তাদের তুলনায় চীনে শহরবাসী লোকের সংখ্যা যে বেড়ে গেছে তা অবশ্য বিস্ময়ের কোন ব্যাপার নয়৻ চীনে আদমশুমারি হয় প্রতি দশ বছরে এক বার৻
২০১১ সালেল এপ্রিলে যখন চীনের সবশেষ আদমশুমারির রিপোর্ট প্রকাশ করা হয়, তখনই শহরবাসী মানুষের সংখ্যাবৃদ্ধির নাটকীয় পরিসংখ্যান বেরিয়ে এসেছিল৻ তাতে বলা হয় যে এক দশকে চীনের শহরগুলোয় লোক সংখ্যা ১৪ শতাংশ বেড়েছে৻ এদের অধিকাংশই শ্রমিক, যারা চীনের কারখানাগুলো এবং উপকূলীয় শিল্প এলাকাগুলোয় কাজ করে৻

ছবির উৎস, AFP
বিবিসির মাইকেল ব্রিস্টো বেইজিং থেকে জানাচ্ছেন, গত কয়েক বছরে চীনের অর্থনীতির উন্নয়নের সাথে তাল মিলিয়ে মানুষ কৃষিকাজ ছেড়ে কলকারখানায় কাজে যোগ দিয়েছে৻ চীনের সরকার মানুষের এই অভিবাসনকে স্বাগত জানিয়েছে ঠিকই - কিন্তু সবসময় যে এটা নির্বিঘ্নে ঘটেছে তা নয়৻ গ্রামের লোকেরা তাদের শহরের বাড়িতে এসে প্রায়ই বৈষম্যের শিকার হচ্ছে – তারা অনেকেই হাসপাতাল আর স্কুলের মতো সেবা পায় না৻ অনেক বড় শহর আবার সেখানে থাকতে আসা লোকের সংখ্যা সীমিত করার চেষ্টা করছে৻ কিন্তু নগরায়নের এই প্রক্রিয়া থামবে না বলেই মনে করছেন মাইকেল ব্রিস্টো৻
তবে চীনের অর্থনীতি এখন কিছুটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ প্রবৃদ্ধির হার কমে যাচ্ছে৻ গত দু বছর ধরেই আগের বছরের তুলনায় প্রবৃদ্ধির হার কমছে৻ এর পেছনে অভ্যন্তরীণ কারণ ছাড়াও আরো যা কাজ করছে তা হলো ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থখাতে সংকটের জন্য চাহিদা কমতে থাকায় চীনের রপ্তানিতে মন্দা দেখা দিয়েছে৻
মা জিয়ান তাং বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নেতিবাচক থাকায় আগামি মাসগুলোতেও প্রবৃদ্ধির শ্লথগতি চলতে থাকবে, চীনের অর্থনৈতিক কর্মকান্ডে ২০১২ সালে অনিশ্চয়তা এবং সমস্যাও বাড়বে৻ তিনি বলছেন, সেজন্যই আমাদের ২০১২ সালে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে, এবং তা মোকাবিলার ব্যাপকভিত্তিক পরিকল্পনা করতে হবে৻
তবে চীনা অর্থনীতির একেবারে সবশেষ পরিসংখ্যান যাই বলুক , বিশেষজ্ঞরা মনে করছেন, নগরায়নের স্রোত থামবে না৻ আগামি দু দশকের মধ্যে চীনের জনসংখ্যার তিন চতুর্থাংশই শহরে বাস করবে, এবং সেটা হবে নগর-পরিকল্পনাবিদদের জন্য এক বড় চ্যালেঞ্জ - কিভাবে শহরবাসী এত মানুষের প্রয়োজন মেটানো হবে ৻
চীনা শিক্ষাবিদরা এর মধ্যে আহ্বান জানিয়েছেন যে মানুষের নগরমুখী হবার এ প্রক্রিয়া নিয়ন্ত্রণে রাখতে নতুন নীতি গ্রহণ করা হোক, যার মধ্যে অভিবাসী শ্রমিকদের জন্য উন্নত সামাজিক কল্যাণসুবিধার ব্যবস্থাও থাকতে হবে৻








