রুশদির সফর বাতিল

রুশদির সফর বাতিল
ছবির ক্যাপশান, সালমান রুশদি
Published

প্রাণহানির হুমকির মুখে বিতর্কিত লেখক সালমান রুশদি তাঁর ভারত সফর বাতিল করেছেন।

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজস্থানে একটি সাহিত্য সম্মেলনে তাঁর যোগ দেয়ার কথা ছিল।

কিন্তু মুসলমানদের কয়েকটি সংগঠন তাকে ভারতে প্রবেশে অনুমতি না দেয়ার দাবি করছিল।

মি. রুশদি এর আগেও জয়পুরের সাহিত্য সম্মেলনে যোগ দিয়েছেন। কিন্তু সেই সফরে কোন ধরনের সমস্যা হয়নি।

তবে এবার ভারতে মুসলমানদের কয়েকটি সংগঠন বলছে, তাঁর উপন্যাস সেটানিক ভার্সেস নিয়ে গত ২০ বছর ধরে যে বিতর্ক চলছে সেই কারণেই তাকে ভারতে ঢুকতে দেয়া উচিত হবে না।

সেটানিক ভার্সেস ইসলামের অমর্যাদা করেছে এই ফতোয়া দিয়ে ইরানের সাবেক নেতা আয়াতোল্লাহ খোমেনি সালমান রুশদির মাথার জন্য পুরস্কার ঘোষণা করেছিলেন।

জয়পুর সাহিত্য উৎসবের একজন প্রধান উদ্যোক্তা ইতিহাসবিদ উইলিয়াম ড্যালরিম্পল বলেন, মি. রুশদির এই সিদ্ধান্তে তিনি আশাহত হয়েছেন।

''মি.রুশদি বিশ্বের সেরা ঔপন্যাসিকদের একজন। এই ধরনের চাপ আগেও এসেছে। কিন্তু তারা কোন বাধা মানেননি।''

''কিন্তু এবার শেষ মুহর্তে ভারতের গোয়েন্দা বিভাগ থেকে জানানো হয়েছে যে মি. রুশদিকে হত্যার জন্য তিনজন পেশাদার খুনী নিয়োগ করা হয়েছে। এবং এরা অস্ত্র নিয়ে মহারাষ্ট্র থেকে রাজস্থানে ঢুকে পড়েছে।''

উৎসবের কর্মকর্তারা জানান, ভিডিও লিংকের মাধ্যমে মি. রুশদি এই সম্মলনে ভাষণ দেবেন।