রুশদী: ভারতে রাজনৈতিক বিতর্ক

ভারতে সালমান রুশদীর বিরুদ্ধে প্রতিবাদ, ফাইল ফটো
ছবির ক্যাপশান, ভারতে সালমান রুশদীর বিরুদ্ধে প্রতিবাদ, ফাইল ফটো
Published

বিতর্কিত ও স্পর্শকাতর গ্রন্থ স্যাটানিক ভার্সেসের লেখক সালমান রুশদী নিয়ে ভারতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে৻

মি. রুশদী অভিযোগ করেছেন, মনগড়া নিরাপত্তার ভয় দেখিয়ে সরকার তাকে রাজস্থান রাজ্যে ঐতিহ্যবাহী জয়পুর সাহিত্য উৎসবে যোগ দিতে নিরুৎসাহিত করেছে৻

অবশ্য রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত এই অভিযোগ খন্ডন করে বলেছেন, সালমান রুশদী জয়পুর উৎসবে যোগ দিতেই পারতেন এবং ভারতে তার নিরাপত্তার কোনো সমস্যা হতো না৻

মি. রুশদীর সমর্থকরা বলছেন, বিভিন্ন রাজ্যে নির্বাচনের আগে মুসলিম সম্প্রদায়ের সমর্থন পেতে ক্ষমতাসীন কংগ্রেস সরকার পরিকল্পিতভাবে সালমান রুশদীকে নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করছে৻

জয়পুরের সাহিত্য উৎসবে যোগ দেওয়ার কথা ছিলো সালমান রুশদীর৻ কিন্তু উগ্রপন্থীরা তাকে হত্যার ষড়যন্ত্র করেছে এই দাবী করে শেষ পর্যন্ত তিনি আর সেখানে যোগ দেননি৻

রাজস্থানের পুলিশ তাকে এই খবর দিয়েছে বলে জানান মি. রুশদী৻

এরপর ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বলা হয় আততায়ীরা মি. রুশদীকে আক্রমণ করতে পারে এমন কোনো গোয়েন্দা তথ্য তাদের কাছে ছিলো না৻

মি. রুশদী রোববার সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে মন্তব্য করেছেন যে তাকে সাহিত্য উৎসব থেকে দূরে রাখতেই রাজস্থানের পুলিশ নিরাপত্তার এই গল্প সাজিয়েছে৻

সালমান রুশদীর এই অভিযোগ অস্বীকার করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলাত৻

তিনি বলেন, ভারতে এলে সালমান রুশদীকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হতো৻

রাজস্থানের মুসলিম সংগঠনগুলো বলছে, মি. রুশদীর ভারতে আসার বিরোধিতা করলেও হিংসাত্মক কিছু করার পরিকল্পনা তাদের ছিলো না৻

রাজস্থানে জামাতে ইসলামীর প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম ইঞ্জিনিয়ার বিবিসিকে বলেন, মুসলমানদের বদনাম দেওয়ার জন্যে এই ষড়যন্ত্র করা হয়েছে৻

সালমান রুশদী
ছবির ক্যাপশান, সালমান রুশদী

তিনি বলেন, এর সাথে রাজস্থানের সরকার ও পুলিশ বাহিনীও জড়িত৻

ভারতীয় একটি সংবাদপত্রের সম্পাদক ও লেখক হার্তো সিং বাল বলেন, এর সাথে উত্তর প্রদেশ রাজ্যে আসন্ন নির্বাচনের বিষয়টি জড়িত৻

তিনি বলেন, উত্তর প্রদেশে ২০ শতাংশ ভোটার মুসলিম৻ এই বিষয়টি মাথায় রেখেই এই বিতর্কের সৃষ্টি করা হয়েছে৻

সালমান রুশদী ২০০৭ সালেও রাজস্থানের সাহিত্য উৎসবে যোগ দিয়েছিলেন৻ তখন কোনো সমস্যা হয়নি৻