পদত্যাগ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Published

মালদ্বীপে গত কয়েক সপ্তাহ ধরে চলা গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ আজ পদত্যাগ করেছেন৻

মালদ্বীপের এক উর্ধ্বতন বিচারককে প্রেসিডেন্ট নাশিদ গ্রেফতারের নির্দেশ দেয়ার পর সেখানে এই বিক্ষোভ শুরু হয়েছিল৻

এই বিক্ষোভের জের ধরে সেখানে পুলিশ বাহিনীর মধ্যেও বিদ্রোহ ছড়িয়ে পড়ে৻

এরকম পরিস্থিতিতে প্রেসিডেন্ট নাশিদের পক্ষে রক্তপাত ছাড়া ক্ষমতায় টিকে থাকা অসম্ভব হয়ে পড়ছিল বলে মনে করা হচ্ছে৻

মালদ্বীপে রাজনৈতিক অসন্তোষ বাড়ছিল গত বেশ কিছুদিন ধরেই৻

মালদ্বীপের এক উর্ধ্বতন বিচারক সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমের সমর্থকদের প্রতি পক্ষপাত দেখাচ্ছেন – এমন অভিযোগে প্রেসিডেন্ট নাশিদ তাঁকে গ্রেফতারের নির্দেশ দেন৻ এই বিচারক বেশ কিছু শীর্ষস্থানীয় বিরোধী দলীয় নেতাকে মুক্তির পক্ষে রায় দেন৻

মালদ্বীপের এই রাজনৈতিক সংকটের মূলে রয়েছে প্রেসিডেন্ট নাশিদের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ৻

মামুন আবদুল গাইয়ুম মালদ্বীপের প্রেসিডেন্ট ছিলেন প্রায় তিরিশ বছর, সেসময় মোহাম্মদ নাশিদ ছিলেন তাঁর সবচেয়ে কট্টর সমালোচকদের একজন৻

চার বছর আগে মোহাম্মদ নাশিদ মালদ্বীপের প্রথম বহুদলীয় নির্বাচনে মামুন আবদুল গাইয়ুমকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন৻

কিন্তু গত চার বছর ক্ষমতায় থাকাকালে তাঁকে সাবেক প্রেসিডেন্ট গাইয়ুম এবং ধর্মীয় রক্ষণশীলদের তরফ থেকে তীব্র বিরোধিতার মুখে পড়তে হয়৻

প্রেসিডেন্ট নাশিদের পদত্যাগের পর এখন তার জায়গায় দায়িত্ব নিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট৻