হমসে ভারি বোমাবর্ষণ

syria
Published

সিরিয়ার হমস শহরে সরকারি বাহিনী আজ টানা ষষ্ঠ দিনের মতো ভারি বোমাবর্ষণ অব্যাহত রেখেছে৻

খবরে বলা হচ্ছে, কেবল বৃহস্পতিবারেই সেখানে ৩০জন নিহত হয়েছে৻

জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ব্যাপারে একমত হতে পারেনি, তার ফলে যেন সিরিয়ার সরকার নতুন উদ্যমে তার জনগণের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে৻

তিনি বলেন, নিরাপত্তা পরিষদে রাশিয়া এবং চীনের ভিটো দেয়াটা সিরীয়দের জন্য বিপর্যয় ডেকে এনেছে৻

মি: বান বলেন হমসে যে নৃশংসতা দেখা যাচ্ছে তাতে আশংকা হয় পরিস্থিতি ভবিষ্যতে আরও খারাপ হতে পারে৻

রাশিয়া সতর্ক

কিন্তু নিরাপত্তা পরিষদ একমত হতে পারল না কেন?

বিবিসির কূটনৈতিক সংবাদদাতা জোনাথান মার্কাস বলেছেন মধ্যপ্রাচ্যে উথালপাতালের ব্যপারে রাশিয়ার চেয়ে পাশ্চাত্য অনেক বেশি উৎসাহী৻

অস্থিতিশীলতা দেখা দিতে পারে এবং প্রতিষ্ঠিত কূটনৈতিক ধরণ পাল্টে যেতে পারে এই উদ্বেগের ফলে আরব বসন্তকে রাশিয়া সতর্কতার সাথে স্বাগত জানিয়েছে৻

তাছাড়া, সিরিয়ায় রাশিয়ার একটি নৌঘাঁটি রয়েছে৻

পাশ্চাত্যে মনে করা হচ্ছে মধ্যপ্রাচ্যে এরপর সিরীয় শাসকদের পতন ঘটবে আর তা হবে ইরানের জন্য বড় এক ধাক্কা৻

সিরিয়ার সাথে শিয়া ইরানের সম্পর্ক খুব ভাল৻ অন্যদিকে, ইরান হচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং সৌদি আরবের বড় শত্রু৻

সংবাদদাতারা বলছেন সিরিয়ার গোলযোগ দেখা দিলে তার প্রভাব পড়বে লেবানন এবং ইসরায়েলের ওপর৻