চীনা সাহায্যের প্রতিশ্রুতি

চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও
ছবির ক্যাপশান, চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও
Published

বিশ্বের বৃহত্তম দুটো বাণিজ্যিক অংশীদার ইউরোপ ও চীনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে সম্মেলন হওয়ার কথা ছিলো গত বছর৻ কিন্তু ইউরোজোনের সঙ্কটের কারণে তা স্থগিত করা হয়৻

ইউরোপীয় কর্মকর্তারা আশা করেছিলেন, ইউরোপের ঋণ সঙ্কট সমাধানে আরো অর্থ সাহায্য নিয়ে এগিয়ে আসবে চীন৻ চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সংবাদপত্রেও বলা হয়, এ বিষয়ে চীনের আগ্রহ আছে৻

উভয়পক্ষের কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বলেছেন, ইউরোপীয় দেশগুলোর ঋণ সঙ্কট সমাধানে তার দেশ ভূমিকা রাখতে প্রস্তুত৻ তবে সুষ্পষ্ট কোনো ভূমিকার কথা তিনি বলেননি৻

সঙ্কটে জর্জরিত ইউরোপের দেশগুলোকে সাহায্য করার লক্ষ্যে সুনির্দিষ্ট কোনো অর্থ সহায়তা দেওয়ার বিষয়েও অঙ্গীকারও করেনি বেইজিং৻

চীনা প্রধানমন্ত্রী বলছেন, ঋণ সমস্যা সমাধানের জন্যে ইউরোপীয় ইউনিয়নকে সহায়তা করতে চীনের অবস্থান দৃঢ়৻

তিনি বলেন, ‘আমরা যা বলি তা আমরা করি৻‘

অর্থনৈতিক খাতে শৃঙ্খলা জোরদার করা জন্যে ইউরোপ যে ধরনের উদ্যোগ নিচ্ছে সেগুলোকে সমর্থন করে চীনা প্রধানমন্ত্রী বলেন, ঋণ সমস্যা সমাধানে চীন তার ভূমিকা বাড়াতে প্রস্তুত৻ উভয়পক্ষের মধ্যে ঘনিষ্ট যোগাযোগ এবং সহযোগিতা বাড়াতেও তারা আগ্রহী৻

বৈঠকের পর ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট হেরমান ভান রম্পয় বলেছেন, উভয়পক্ষের মধ্যে বর্তমানে যে অর্থনৈতিক নির্ভরতা আছে তাকে তারা উভয়ের স্বার্থে কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন৻

ইউরোপীয় কর্মকর্তাদের সাথে চীনা প্রধানমন্ত্রী
ছবির ক্যাপশান, ইউরোপীয় কর্মকর্তাদের সাথে চীনা প্রধানমন্ত্রী

ইউরোজোনের দেশগুলোতে স্থিতি ফিরিয়ে আনার জন্যে আলোচনা ও সহযোগিতা বাড়াতে চীনের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট হেরমান ভন রম্পয়৻

তিনি বলেন, চীনা প্রধানমন্ত্রীও এটা নিশ্চিত করেছেন যে আমাদের অর্থনৈতিক সম্পর্কের মূল বিষয় হচ্ছে বাণিজ্য৻ চীনের সবচে বড়ো বাণিজ্যিক অংশীদার যেমন ইউরোপ, ইউরোপীয় ইউনিয়নের জন্যেও তেমনি বড়ো বাজার চীন৻

তবে ইউরোপের কর্মকর্তারা চীনের অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি দেশটির মানবাধিকার পরিস্থিতি আরো উন্নত করার বিষয়েও সতর্ক করে দিয়েছেন৻ জবাব চীনা প্রধানমন্ত্রী বলেছেন, তার দেশের সংস্কারের অংশ হিসেবেই বিষয়টির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে৻

ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে চীনা প্রধানমন্ত্রী বলেছেন, দেশটিকে আরো উন্মুক্ত করার লক্ষ্যে সংস্কারের কাজ নিয়ে তারা অগ্রসর হচ্ছেন৻

‌ঋণ সঙ্কটে জর্জরিত গ্রিসে বিক্ষোভ
ছবির ক্যাপশান, ‌ঋণ সঙ্কটে জর্জরিত গ্রিসে বিক্ষোভ চলছে

তিনি বলেন, মানবাধিকারের মতো সব বিষয়েই আলোচনা করতে তারা আগ্রহী এবং প্রস্তুত৻ তবে সেই সংলাপ হতে হবে পরষ্পরের প্রতি শ্রদ্ধাবোধ ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে, যা উভয়পক্ষের মধ্যে আস্থা ও সহযোগিতা বাড়াতে সহায়ক হবে৻

ইউরোপ ও চীনের মধ্যে গত বছর বাণিজ্যের পরিমান ছিলো ৫৬ হাজার কোটি ইউরোর মতো৻

আন্তর্জাতিক মুদ্রা তহবিলও গত সপ্তাহে সতর্ক করে দিয়েছে যে ইউরোপের ঋণ সঙ্কট আরো বিস্তৃত হলে চীনের প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হতে পারে৻

এই প্রেক্ষিতেই ইউরোপকে সাহায্যের প্রতিশ্রুতি দিলেন চীনা প্রধানমন্ত্রী কিন্তু বিবিসির সংবাদদাতারা বলছেন, এ ধরনের প্রতিশ্রুতি বেইজিং আগেও দিয়েছে তবে তার বাস্তবায়নে খুব একটা অগ্রগতি হয়নি৻