বেডরুমে পাহারা অসম্ভব : হাসিনা

ছবির উৎস, focus bangla
- Author, আকবর হোসেন
- Role, প্রযোজক, বিবিসি বাংলা, ঢাকা
- Published
বাংলাদেশে সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যাকান্ডের প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সরকারের পক্ষে কারও বেডরুম পাহারা দেওয়া সম্ভব নয়৻
তবে ওই হত্যাকান্ডের ঘটনার যথাযথ তদন্ত হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন তিনি এবং এই হত্যার বিচারের দাবিতে বিভিন্ন সাংবাদিক সংগঠন যেভাবে আন্দোলনে নেমেছে তা নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন৻
প্রধানমন্ত্রী হাসিনা বলেন, ‘আজ এই সাংবাদিক-দম্পতি হত্যার ব্যাপারে সাংবাদিকরা এক হয়েছেন; কিন্তু অতীতে সাংবাদিক মানিক সাহা বা হুমায়ুন কবীর বালুর হত্যার পরও যদি সাংবাদিকরা এভাবে নামত তাহলে হয়তো আজ এ ধরনের ঘটনা ঘটত না৻`
তবে তখন বিএনপি ক্ষমতায় ছিল বলেই হয়তো সাংবাদিকরা রাস্তায় আন্দোলনে নামার সাহস পাননি বলেও তিনি মন্তব্য করেন৻
নিহত ওই সাংবাদিক দম্পতির শিশুসন্তানকে সাংবাদিকরা যেভাবে জেরা করেছেন তারও সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা সাংবাদিকদের কাজ নয়, গোয়েন্দাদের কাজ৻'
এদিন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সিলেটের আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় শেখ হাসিনা এই সব মন্তব্য করেন৻
এর আগে গতকাল বুধবার সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার এবং মেহেরুন রুনির নৃশংস হত্যাকান্ডের ১১ দিন পর ঢাকার প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে কয়েকশো সংবাদকর্মী অংশ নিয়েছিলেন৻
সমাবেশ থেকে এই হত্যাকান্ডের তদন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ৻
দ্রুত তদন্ত এবং হত্যাকারীদের শনাক্ত করার দাবিতে আগামী ২৭শে ফেব্রুয়ারি দেশের সব সংবাদপত্রে এক ঘন্টার প্রতীকী কর্মবিরতি ধর্মঘট পালনের কথাও ঘোষণা করা হয়েছে৻
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উভয় অংশ যৌথভাবে এই আন্দোলন করছে৻

ছবির উৎস, focus bangla
দুই সহকর্মীর এই হত্যাকান্ডের দ্রুত তদন্ত এবং বিচারের দাবিতে বিভিন্ন মতাদর্শের সাংবাদিক ইউনিয়নগুলোর মধ্যে এ ধরনের ঐক্যবদ্ধ কর্মসূচি একটি বিরল ঘটনা৻
বিএফইউজের একাংশের নেতা ইকবাল সোবহান চৌধুরি বিবিসিকে বলেন, ‘তদন্তের অগ্রগতি না জানার ফলে মানুষের মধ্যে আস্থাহীনতা তৈরী হচ্ছে৻'
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বলেন ‘আমার বিশ্বাস পুলিশ ও গোয়েন্দা সংস্থা ঠিকমতো তাদের দায়িত্ব পালন করছেন না৻ তদন্তে গাফিলতি করা হচ্ছে৻'
সাংবাদিকদের সমাবেশে উল্লেখ করা হয় গত ১২ বছরে দেশে ২৫ জনের মত সাংবাদিক হত্যাকান্ডের শিকার হয়েছেন যেগুলোর এখনও বিচার শেষ হয়নি৻
সাংবাদিক ইউনিয়নগুলো তাদের তিন-দফা দাবির মধ্যে সমস্ত সাংবাদিক হত্যার দ্রুত বিচার দাবি করেছে৻
সাংবাদিক এই দম্পতিকে গত ১২ই ফেব্রুয়ারি তাদের ফ্ল্যাটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল৻








