পিঙ্কি প্রামাণিককে নিয়ে ধন্দ রয়েই গেল

ছবির উৎস, pti
- Author, অমিতাভ ভট্টশালী
- Role, বিবিসি বাংলা, কলকাতা
- Published
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া ভারতের প্রাক্তন মহিলা অ্যাথলিট পিঙ্কি প্রামাণিক মহিলা না পুরুষ – তা এখনও নিশ্চিত করতে পারেননি ডাক্তাররা৻
আদালতের নির্দেশে পিঙ্কির ডাক্তারি পরীক্ষা হয় মঙ্গলবার৻ কিন্তু সাত সদস্যের মেডিক্যাল বোর্ড বলছে তাঁরা পিঙ্কির লিঙ্গ সঠিকভাবে নির্ধারণ করতে পারেন নি, তাই আরও কিছু জটিল পরীক্ষার জন্য পিঙ্কিকে কলকাতার পি জি হাসপাতালে পাঠানোর সুপারিশ করেছেন তাঁরা৻
পিঙ্কির বিরুদ্ধে তাঁর সঙ্গী এক মহিলা অভিযোগ করেছিলেন যে পিঙ্কি আসলে মহিলা নন, তিনি পুরুষ এবং অভিযোগকারিণীকে ধর্ষণ করেছেন প্রাক্তন ওই অ্যাথলিট৻ তারপরেই গ্রেপ্তার হন পিঙ্কি৻
আদালতের নির্দেশে যে মেডিক্যাল বোর্ড ভারতের প্রাক্তন অ্যাথলিট পিঙ্কি প্রামাণিকের লিঙ্গ নির্ধারনের জন্য আজ দীর্ঘক্ষণ ধরে পরীক্ষা নিরীক্ষা চালায়, তারা দিনের শেষে বলছে, যে পিঙ্কি আসলে মহিলা না পুরুষ তা সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি৻
উত্তর চব্বিশ পরগণা জেলার মুখ্য চিকিৎসা আধিকারিককে আদালত ওই দায়িত্ব দিয়েছিল৻
প্রায় আড়াই ঘন্টা ধরে ডাক্তারি পরীক্ষা আর পিঙ্কির সঙ্গে কথাবার্তা বলার পরে মুখ্য চিকিৎসা আধিকারিক সুকান্ত শীল বলেন, “আমরা নিশ্চিত হতে পারি নি যে উনি মহিলা না পুরুষ৻ বেশ কিছু পরীক্ষা হয়েছে৻ কিন্তু রক্তের আরও কিছু পরীক্ষা করা দরকার৻’’
পিঙ্কি প্রামাণিকের হরমোন আর ক্রোমোজোম পরীক্ষা করার জন্য বিষয়টি তাঁরা কলকাতার পি জি হাসপাতালে পাঠাচ্ছেন বলেও তিনি জানান৻
পিঙ্কি প্রামাণিকের বিরুদ্ধে এক মহিলা অভিযোগ করেছিলেন যে তিনি আসলে পুরুষ এবং পিঙ্কি ওই মহিলাকে ধর্ষণ করেছেন৻ ডাক্তাররা অবশ্য বলেছেন যে ধর্ষণের অভিযোগের ডাক্তারি প্রমাণ এতদিন পরে পাওয়া শক্ত৻
অভিযোগ পাওয়ার পরে গত সপ্তাহে গ্রেপ্তার করা হয় অবসর নেওয়া ওই অ্যাথলিটকে এবং এখন তিনি জেল হেফাজতে আছেন৻

ওদিকে গ্রেপ্তার হওয়ার পরে পিঙ্কিকে চাকরি থেকে সাসপেন্ডও করেছে ভারতীয় রেল৻
২০০৬ সালে দোহা এশিয়ান গেমসে পিঙ্কি ৪০০ মিটার রিলেতে সোনা জেতেন, মেলবোর্ন কমনওয়েলথ গেমসেও রূপো জেতেন তিনি৻ ভারতে জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নও হয়েছেন পিঙ্কি৻
অ্যাথলেটিক্স কর্মকর্তারা বলছেন, খেলা ছেড়ে দেওয়ার আগে পিঙ্কি নিশ্চিতভাবেই মহিলা ছিলেন, তবে অবসরের পরে তাঁর শরীরে কোনও পরিবর্তন হয়েছে কী না, সে ব্যাপারে তাঁর অবহিত নন৻
তবে তাঁর শরীরে যে মাত্রাতিরিক্ত পুরুষ হরমোন পাওয়া গেছে, সেটা জাতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন রাজ্য অ্যাথলেটিক্স সংস্থাকে মৌখিকভাবে জানিয়েছিল৻
কর্মকর্তারা এও বলছেন যে পিঙ্কি অনেক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, যেগুলিতে নিজের লিঙ্গ গোপন করে ছাড় পাওয়া কার্যত অসম্ভব৻
তবে তিনি নিজের প্রকৃত লিঙ্গ গোপন করেছেন – এই অভিযোগ প্রমাণিত হলে আর অ্যাথলেটিক্স ফেডারেশনের কাছে কোনও অভিযোগ গেলে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলিতে তাঁর জেতা সব পদক ফেরত নেওয়া হতে পারে৻








