আওয়ামী লীগের তরুণ আকাঙ্খা

রাজনীতির চাইতে অন্যান্য বিষয়ে তরুণদের আগ্রহ বেশি
ছবির ক্যাপশান, রাজনীতির চাইতে অন্যান্য বিষয়ে তরুণদের আগ্রহ বেশি
    • Author, ওয়ালিউর রহমান মিরাজ
    • Role, বিবিসি বাংলা, ঢাকা
  • Published

বাংলাদেশে ক্ষমতাসীন জোটের প্রধান শরিক আওয়ামী লীগ শনিবার তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের তরুণ সমাজকে তাদের দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

আওয়ামী লীগের ৬৩তম বর্ষপূর্তির দিনে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দেশের তরুণদের উদ্দেশে বলেছেন, তারা যেন দলে যোগ দেন অথবা সক্রিয়ভাবে দলকে সমর্থন করেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, তাঁর দলের আত্মত্যাগের ইতিহাস রয়েছে এবং চলার পথে মাঝে মধ্যে অসুবিধায় পড়লেও দলটি তার লক্ষ্যে অবিচল আছে।

গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দিন বদলের অঙ্গীকার করে একটি ডিজিটাল বাংলাদেশ উপহার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

ধারণা করা হয়, এই শ্লোগান তরুণদের ব্যাপকভাবে আকৃষ্ট করে এবং তাদের একটা বড় অংশ আওয়ামী লীগকে ভোট দেয়।

সে কারণে প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেন দলটিতে যোগ দিতে কিংবা সমর্থন জানাতে তরুণদেরকে আহবান জানাচ্ছেন, অথবা দলটির প্রতিটি তরুণদের ঝোঁক কমে গেছে কিনা।

এ ব্যাপারে প্রশ্ন করা হলে দলটির সম্পাদকমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম বলেন, যে উচ্ছাস ও আবেগ নির্বাচনের মধ্য দিয়ে ব্যক্ত হয়েছিল, তা একই রকম রয়েছে বলে আমরা মনে করি না।

''গত তিন বছরের মধ্যে অনেকের বয়স ১৮ হয়েছে। তাদের দিকেও আমাদের তাকাতে হবে।''

বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি’র নেতারা স্বীকার করেন যে রাজনীতির প্রতি সার্বিকভাবে তরুণদের একধরনের অনীহা তৈরি হয়েছে।

এ ব্যাপারে দলটির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানী বলেন, এই অনীহা তৈরি হয়েছে বাংলাদেশের জাতীয় রাজনীতির কারণে।

বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে যে মতবিরোধ, তার প্রভাব ছাত্র রাজনীতিতেও পড়েছে। আর একটি কারণ হলো নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি কোন সরকারই পূরণ করতে পারেনা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক শামীম রেজা বলেন, তরুণদের রাজনীতিতে যোগ দেয়ার আগ্রহ থাকার ব্যাপারে কোন জরিপ নেই, ফলে বিষয়টিতে চটজলদি মতামত দেয়া কঠিন।

তবে পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা থেকে তিনি বলেন যে রাজনীতির তুলনায় সম্প্রতি অন্যান্য বিষয়ে তরুণদের আগ্রহ বেড়েছে।

ব্যবসা-বণিজ্য, শিক্ষা, ব্যবসায়ী উদ্যোগ, বিনিয়োগ বা তথ্য-প্রযুক্তিতে তরুণদের যতটা আগ্রহ, রাজনীতিতে ততটা আগ্রহ স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে না।

বিশ্ববিদ্যালয় আসার আগেই রাজনীতিতে জড়িয়ে পড়াদের তুলনায় বিশ্ববিদ্যালয় আসার পরে নতুন ভাবে রাজনীতিতে যোগদানকারীদের সংখ্যা কম বলেও তিনি মনে করেন।

শামীম রেজা বলেন, তরুণদেরকে ভবিষ্যতের জন্যে দক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্র প্রয়োজনীয় বিনিয়োগ করছে না, রাজনীতির ব্যাপারে তরুণদের আগ্রহ কমে যাওয়ার পেছনে সেটি একটি অন্যতম কারণ হতে পারে।