সিরিয় জেনারেলের দেশত্যাগ

ছবির উৎস, AFP
প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সামরিক বাহিনীর একজন জেনারেল সিরিয়া ছেড়ে গেছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
এ ঘটনাকে প্রেসিডেন্ট আসাদের জন্য একটি বড় ধরনের ধাক্কা বলে বর্ণনা করেছেন ফরাসী পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়াস।
পালিয়ে যাওয়া সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মানাফ ত্লাস এর পরিবারও এ খবর নিশ্চিত করেছে।
ফরাসী পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ব্রিগেডিয়ার মানাফের সিরিয়া ছেড়ে চলে যাওয়া এটাই প্রমাণ করে যে প্রেসিডেন্ট আসাদের ঘনিষ্ঠরা এখনই মনে করছে, বর্তমান শাসকগোষ্ঠি দুর্বল হয়ে পড়েছে।
উর্ধ্বতন এই সামরিক কর্মকর্তার সিরিয়া ছেড়ে যাবার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন সিরিয়ার সংকট নিরসনের উপায় খুঁজতে প্যারিসে ১০০ টিরও বেশি দেশ এক সম্মেলনে একত্রিত হয়েছে।
সিরিয়ার সরকার বিরোধী সংগঠন সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের সাধারণ সম্পাদক হাসান হাচিমি বলছেন এই জেনারেলের সিরিয়া ছেড়ে যাবার ঘটনা নিশ্চিতভাবেই প্রেসিডেন্ট আসাদের উপর একটি প্রভাব ফেলবে।
মি: হাচিমি বলছিলেন, তিনি মনে করেন এই ঘটনা প্রেসিডেন্ট আসাদের জন্য খুবই খারাপ খবর। এই ঘটনা অন্য আরও অনেক সামরিক কর্মকর্তাকে একই ধরনের পদক্ষেপ নিতে উৎসাহিত করবে বলে তিনি উল্লেখ করেন।
মি: হাচিমি বলেন, সাবেক এই কর্মকর্তার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তার সিরিয় সরকারের পক্ষ ত্যাগ করার কথা নয়।
মি: হাচিমি বলেন, জেনারেল মানাফ প্রেসিডেন্ট আসাদের ভাই মাহের আসাদের খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
তিনি সাবেক প্রতিরক্ষামন্ত্রীর ছেলে এবং তাদের পরিবার প্রেসিডেন্ট আসাদের প্রতি খুবই অনুগত।
এখন পর্যন্ত প্রেসিডেন্ট আসাদের পক্ষ ত্যাগ করে যতজন সামরিক কর্মকর্তা পর্যন্ত তুরষ্কে চলে গেছেন, তাদের মধ্যে জেনারেল মানাফই হচ্ছেন সবচেয়ে পদস্থ।
জেনারেল মানাফ সিরিয়ার এলিট রিপাবলিকান গার্ডের একটি ইউনিটের একজন কমান্ডার ছিলেন।
ফ্রান্সে সিরিয়া বিষয়ক সম্মেলন শেষে ফরাসী পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট আসাদের ঘনিষ্ঠ সহযোগিরাও এখন মনে করছেন যে একটি খুনি সরকারকে আর সমর্থন করা যায়না।
ফরাসী পররাষ্ট্রমন্ত্রী প্রথমে বলেছিলেন, সিরিয়া থেকে পালিয়ে জেনারেল মানাফ তুরস্ক হয়ে প্যারিসের পথে রয়েছেন।
পরবর্তীতে অবশ্য তিনি বলেন, জেনারেল মানাফের গন্তব্য সম্পর্কে তাঁর কোন ধারণা নেই।








