বান্দরবানে যাওয়ার পথে বিদেশি নাগরিক গ্রেফতার

ছবির উৎস, gov
বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানে যাওয়ার সময় একজন সুইডিশ নাগরিককে আটক করে তাকে দেশ থেকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
স্থানীয় পুলিশ জানিয়েছে, সরকারিভাবে কালো তালিকাভুক্ত হবার কারণে বান্দরবানে প্রবেশের সময় তাকে আটক করা হয়।
জানা গেছে, পার এন্ডার্স নামে এই সুইডশ এর আগেও বাংলাদেশে এসে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করেছেন।
ঐ সুইডিশ নাগরিক বর্তমানে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের হেফাজতে রয়েছেন।
পুলিশ বলছে, শনিবার রাত আনুমানিক আটটার দিকে বান্দরবানের রেইছা পয়েন্ট দিয়ে শহরে প্রবেশের সময় তাকে আটক করা হয়।
ঐ নাগরিকের নাম পার এন্ডার্স বলে পুলিশ জানিয়েছে।
বান্দরবানের পুলিশ সুপার কামরুল আহসান বিবিসি বাংলাকে জানিয়েছেন, আটকের সময় মি. এন্ডার্স ভিন্ন নামে অপর একটি পাসপোর্ট ব্যবহার করে বান্দরবানে প্রবেশের চেষ্টা করছিলেন।
মি. আহসান বলেন, ‘তিনি পুলিশের কালো তালিকাভুক্ত ছিলেন। এবার তিনি অপর একটি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে আমরা তাকে আটক করি এবং স্পেশাল ব্রাঞ্চের কাছে পাঠিয়ে দিই।’
বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বিদেশি নাগরিকদের প্রবেশের আগে তা স্থানীয় প্রশাসনকে জানিয়ে যেতে হয়।
সেখানে অবস্থানকালে তাদের অবস্থান, গন্তব্য এবং কাদের সাথে তারা যোগাযোগ করবেন সেটিও প্রশাসনকে অবহিত করতে হয়।
এর আগে মি. এন্ডার্স বান্দরবানে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার হয়ে কর্মরত ছিলেন। কিন্তু ২০১১ সালে মি. এন্ডার্স এবং তার দুই সহকর্মীকে বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। এসময় নিয়ম ভঙ্গের অভিযোগে এই তিনজন বিদেশি নাগরিককে কালো তালিকাভূক্ত করা হয়।
পুলিশ সুপার মি. আহসান জানিয়েছেন, এবার প্রবেশের সময় তার পাসপোর্টে বাংলাদেশের ভ্রমণ ভিসা দেখা যায়।
বিষয়টি নিয়ে ঢাকাস্থ সুইডিশ দূতাবাসের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
তবে পুলিশের বিশেষ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, মি. এন্ডার্স বর্তমানে পুলিশের বিশেষ বিভাগের হেফাজতেই রয়েছেন এবং তাকে সুইডিশ দূতাবাস অথবা বাংলাদেশ সরকারের উদ্যোগেই নিজ দেশে ফেরত পাঠানো হবে।








