ঢাকায় আজই সমাধিস্থ করা হবে হুমায়ূন আহমেদকে

Published

সমকালীন বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদকে সোমবারই দাফন করা হবে বলে জানিয়েছেন লেখকের ছোট ভাই এবং কার্টুনিস্ট আহসান হাবীব।

তাঁকে ঢাকার বনানী কবরস্থান অথবা মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

তবে জায়গা চূড়ান্ত হবে লেখকের মরদেহ এবং তার স্বজনরা ঢাকায় আসার পরই।

সোমবার বিবিসি বাংলার সকালবেলার অধিবেশন প্রত্যূষায় দেয়া এক সাক্ষাতকারে আহসান হাবীব এসব কথা বলেন।

মিস্টার হাবীব বলেন, লেখকের অজস্র ভক্তদের কথা চিন্তা করেই ঢাকায় তাকে দাফন করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তার পরিবারের সদস্যরা। এ ব্যাপারে তাদের মায়েরও একই মত।

সোমবার সকাল সাড়ে আটটার দিকে লেখকের মরদেহ ঢাকায় এসে পৌঁছানোর কথা।

রবিবার এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানযোগে লেখকের মরদেহ নিয়ে তার স্ত্রী এবং দুই পুত্র ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

বেলা এগারোটায় ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে লেখককে নিয়ে যাওয়া হবে।

এখানে তাকে শেষ শ্রদ্ধা জানাবেন সর্বসাধারণ।

এসময় কেন্দ্রীয় শহীদ মিনারে লাখ লাখ লোকের সমাগম বলে ধারণা করা হচ্ছে।

তার অসংখ্য ভক্তের সমাগমের কারণে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির তৈরি না হয় সেজন্য এবারই প্রথম শহীদ মিনারে বিশেষ নিরাপত্তা বেষ্টনী স্থাপন করা হচ্ছে। প্রতি তিন ফুট অন্তর অন্তর পুলিশ মোতায়েন করা হচ্ছে।

শৃঙ্খলা রক্ষার জন্য এই নজিরবিহীন ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজক সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু।

এদিকে আহসান হাবীব বিবিসিকে জানিয়েছেন, শহীদ মিনার থেকে জাতীয় ঈদগাহ মাঠে নামাজে জানাজার জন্য নিয়ে যাওয়া হবে হুমায়ূন আহমেদের মরদেহ।

সেখানে বেলা আড়াইটায় নামাজে জানাজার পর সরাসরি দাফন করা হবে যেখানে সেখানে নিয়ে যাওয়া হবে।