এমপিদের নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন হাসিনা

    • Author, কাদির কল্লোল
    • Role, বিবিসি বাংলা, ঢাকা
  • Published

আওয়ামী লীগের সংসদীয় দলের এক সভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামনের বছরের জানুয়ারির মধ্যে নির্বাচনের ইঙ্গিত দিয়ে এর জন্য প্রস্তুত হতে দলের এমপিদের নির্দেশ দিয়েছেন।

গতকালের ঐ বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের এমন কয়েকজন সংসদ সদস্য বিবিসি বাংলাকে একথা জানিয়েছেন।

বৈঠকে শেখ হাসিনা পরবর্তী সাধারণ নির্বাচন এবং এর জন্য আওয়ামী লীগের প্রস্তুতি নিয়ে কথা বলেন।

ভারপ্রাপ্ত চীফ হুইপ আ স ম ফিরোজ বিবিসিকে জানান, সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে এবং চলতি বাজেট অধিবেশনের পর আর একটি মাত্র অধিবেশন হতে পারে বলে বৈঠকে প্রধানমন্ত্রী ইঙ্গিত দেন। বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, এমন কথা উল্লেখ করে তিনি দলের এমপিদের এর জন্য প্রস্তুতি নিতে বলেন।

আ স ম ফিরোজ বলেন, নির্বাচন যেহেতু খুবই সন্নিকটে, তাই প্রধানমন্ত্রী স্ব স্ব নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন কাজের তদারকির জন্য এমপিদের নির্দেশ দেন, যাতে নির্বাচনের আগেই এসব শেষ করা যায়।

তিনি আরও জানান, তৃণমূল পর্যায়ে জনসংযোগ বাড়ানো এবং দলের ঐক্য ধরে রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি এই বলে এমপিদের সতর্কও করে দিয়েছেন যে, সব এলাকার খবরাখবর তিনি রাখেন এবং নির্বাচনে মনোনয়ন দেয়ার ক্ষেত্রে তৃণমূলের নেতা-কর্মীদের মতামতকে গুরুত্ব দেয়া হবে।

আওয়ামী লীগের আরেকজন সিনিয়র নেতা আমির হোসেন আমু জানান, বর্তমান সংসদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে জানু্য়ারিতে। সংবিধান অনুযায়ী এর তিন মাসে আগে সংসদ বিলুপ্ত হওয়ার কথা এবং তারপর নির্বাচন হওয়ার কথা। সেই হিসেবে বর্তমান বাজেট অধিবেশনই হচ্ছে সাধারণ এমপিদের কথা বলার শেষ সুযোগ।

আমির হোসেন আমু জানান, এই বিষয়টি উল্লেখ করে সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিদের তাদের স্ব স্ব এলাকার উন্নয়নের চিত্র সংসদের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার নির্দেশ দেন।