ভারতে বিজেপির সকল পদ থেকে আদভানির পদত্যাগ

ভারতের প্রধান বিরোধীদল দক্ষিণপন্থী বিজেপির উর্ধতন নেতা ও বর্ষীয়ান রাজনীতিবিদ লালকৃষ্ণ আদভানি দল থেকে পদত্যাগ করেছেন।
হিন্দুত্ববাদী দল বিজেপি তাদের একজন বিতর্কিত নেতা নরেন্দ্র মোদিকে ভারতের আগামি সাধারণ নির্বাচনের প্রচারাভিযানের প্রধান হিসেবে নিয়োগ করার একদিন পরই মি. আদভানি পদত্যাগ করলেন।
এক পদত্যাগপত্রে মি আদভানি বলেন, পার্টি এখন যে পথে যাচ্ছে তাতে তিনি অসন্তুষ্ট এবং দলটির বেশির ভাগ নেতাই তাদের ব্যক্তিগত এজেন্ডা ছাড়া আর কিছু নিয়ে ভাবছেন না।
আগামী নির্বাচনের প্রচারাভিযানের প্রধান নিয়োগের জন্য বিজেপি দু দিন ধরে যে বৈঠক করে তাতেও মি. আদভানি উপস্থিত ছিলেন না। তিনি জানিয়েছিলেন যে তিনি অসুস্থ।
লালকৃষ্ণ আদভানি বিজেপির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন।
বিজেপির বর্তমান প্রধান রাজনাথ সিং অবশ্য বলেছেন যে তিনি এ পদত্যাগপত্র গ্রহণ করবেন না।
গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি হচ্ছেন ভারতের সবচাইতে বিতর্কিত রাজনীতিবিদদের অন্যতম এবং তাকে কেন্দ্র করে দলের ভেতরে তীব্র বিভক্তি রয়েছে।
এলকে আদভানি সহ দলের বেশ কিছু সিনিয়র নেতাই নরেন্দ্র মোদিকে নির্বাচনী প্রচারাভিযানের প্রধান হিসেবে নিয়োগের বিরোধিতা করেন।
২০০২ সালে গুজরাটে যে সাম্প্রদায়িক দাঙ্গায় অন্তত এক হাজার মুসলিম নিহত হয়েছিলেন, মি. মোদিকে সেই দাঙ্গার একজন উস্কানিদাতা হিসাবে দেখা হয়। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি সে সময় দাঙ্গা থামানোর জন্য কিছুই করেন নি।








