অ্যান্টিবায়োটিকের প্রভাব কমায় উদ্বিগ্ন বিজ্ঞানীরা

বিশ্ব জুড়ে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার মধ্যে যেভাবে অ্যান্টিবায়োটিক ওষুধ প্রতিরোধের ক্ষমতা বেড়ে যাচ্ছে - তা উদ্বিগ্ন করে তুলেছে বিজ্ঞানীদের।
বিশেষজ্ঞরা বলছেন, কথায় কথায় অ্যান্টিবায়োটিক ওষুধ খাবার ফলে এই সমস্যা তৈরি হচ্ছে। এবং এমন ধরনের ব্যাকটিরিয়ার জন্ম হচ্ছে যা কোন অ্যান্টিবায়োটিক দিয়েই ঠেকানো যাচ্ছে না।
এখন পরিস্থিতি এখন এমন পর্যায়ে যাচ্ছে যে আর কিছুকাল পরে হয়তো সাধারণ সংক্রমণের চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা আর থাকবে না, এমনই আশংকা করছেন তারা ।
এই সমস্যা নিয়ে বুধবার লন্ডনে শুরু হয়েছে ধনী দেশগুলোর জোট জি এইট-এর বিজ্ঞানবিষয়ক মন্ত্রীদের এক সম্মেলন।
তারা বলছেন এ অবস্থা থেকে রেহাই পেতে হলে নতুন অ্যান্টিবায়োটিক যেমন তৈরি করতে হবে, তেমনি এগুলো ব্যবহারের ক্ষেত্রেও দায়িত্বশীল হতে হবে।
বিভিন্ন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিকের অকার্যকরিতার মাত্রা এতটাই ভয়াবহ পর্যায়ে পৌঁছচ্ছে যে ইংল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মন্তব্য করেছেন, ভবিষ্যতে হয়ত সংক্রমণের বিরুদ্ধে আমাদের চিকিৎসাই হবে না।
কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন অ্যান্টিবায়োটিক ওষুধগুলো দিন দিন অকার্যকর হয়ে পড়ছে? একটা কারণ সব ব্যাকটেরিয়া অ্যান্টিবায়েটিকে মরে না। অনেকগুলোই বেঁচে যায় এবং অনেক ক্ষেত্রে অবিশ্বাস্য গতিতে বাড়তে থাকে।
আরেকটি প্রধান কারণ, অ্যান্টিবায়েটিকের যথেচ্ছ ব্যবহার। বেশি বেশি ব্যাবহারে ব্যাকটেরিয়া এক ধরণের রেজিস্ট্যান্স বা প্রতিরোধ তৈরি করে ফেলে।

বিশেষজ্ঞরা ভয় পাচ্ছেন, অ্যান্টিবায়েটিকের এই যথেচ্ছ ব্যবহার বিপজ্জনক পর্যায়ে চলে গেছে। ছোটখাটো সংক্রমণ ঠেকাতেও অ্যান্টিবায়েটিক দেওয়া হচ্ছে, যেটা কোনও ভাবেই উচিত নয়।
আবার অনেক ক্ষেত্রে ওষুধের পুরো ডোজ না খাওয়ায় ব্যাকটেরিয়া প্রতিরোধ গড়ে তুলছে। পরিস্থিতি দিন দিন এতটাই খারাপ হচ্ছে যে, অনেক বিশেষজ্ঞের আশঙ্কা অনেক রোগ যেটা একসময় সহজে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা যেত, তা হয়ত আর করা যাবে না।
যেমন, যৌন রোগ গনোরিয়ার চিকিৎসায় অনেক অ্যান্টিবায়োটিক আগের মত কাজ করছে না বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। যক্ষ্মা চিকিৎসায় সমস্যা দেখা দিয়েছে।
নতুন ধরণের অ্যান্টিবায়োটিক প্রতিরোধক যক্ষ্মার ব্যাকটেরিয়ার সন্ধান মিলছে। লন্ডনে জি এইটের সম্মেলনে, এই হুমকি মোকাবেলায় নতুন নতুন অ্যান্টিবায়োটিকসের উদ্ভাবন এবং তার যথাযথ ব্যাবহার নিয়ে কথা হবে।








