মেয়র নির্বাচনে ১৮ দল সমর্থিত প্রার্থীরা এগিয়ে

সিলেট নির্বাচন
ছবির ক্যাপশান, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে সিলেটে মানুষ ভোট দিয়েছেন সিটি করপোরেশন নির্বাচনে
Published

বাংলাদেশে চারটি সিটি কর্পোরেশন নির্বাচনে এ পর্যন্ত যে আংশিক ফলাফল প্রকাশ করা হয়েছে তাতে সবগুলো শহরেই ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন।

তবে, নির্বাচন কমিশন বলছে সবগুলো কেন্দ্রের ভোট গণনা শেষ করে পুরো ফলাফল হাতে পেতে আরো বেশ কিছু সময় লাগবে।

চারটি সিটি কর্পোরেশনে নির্বাচন কমিশনের কন্ট্রোলরুম থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী সবগুলো শহরেই ১৮ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থীরা এগিয়ে আছেন।

এর মধ্যে রাত এগারোটা পর্যন্ত যেসব ফল প্রকাশিত হয়েছে তাতে খুলনায় ২৮৮ টি কেন্দ্রের মধ্যে ৫৬টি কেন্দ্রের ফলাফলে মেয়র পদে বিরোধীদলীয় জোট সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনি প্রায় সাড়ে সাত হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছেন বলে জানাচ্ছেন খুলনার সাংবাদিক গৌরাঙ্গ নন্দী।

সিলেট থেকে সাংবাদিক আহমেদ নূর জানাচ্ছেন সেখানেও রাত ১১টা পর্যন্ত ১২৮টি কেন্দ্রের মধ্যে ৯৫টি কেন্দ্রের ফলাফল জানা গেছে।

এতে প্রায় ২৫ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী ।

রাজশাহীতে অপেক্ষমান ভোটার
ছবির ক্যাপশান, রাজশাহীতে অপেক্ষমান ভোটার

তিনি জানাচ্ছেন সেখানকার মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান ইতিমধ্যেই ইমেল করে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে পরাজয় মেনে নিয়ে মিঃ চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন।

বরিশাল থেকে সাংবাদিক শাহীনা আজমিন জানাচ্ছেন ১০০ টি কেন্দ্রের মধ্যে ৫৯টি কেন্দ্রের ফলাফল যা রাত এগারটা পর্যন্ত ঘোষণা করাহয়েছে তাতে প্রায় আটহাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বিরোধীদলীয় জোট সমর্থিত প্রার্থী আহসান হাবিব কামাল ।

আর রাজশাহী থেকে বিবিসি বাংলার সংবাদদাতা কাদির কল্লোল জানিয়েছেন ওই শহরেও রাত এগারটা পর্যন্ত মেয়র পদে এগিয়ে আছেন ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী।

নির্বাচন কমিশন বলছে সবগুলো কেন্দ্রের ভোট গণনা শেষ করে পুরো ফলাফল হাতে পেতে আরো কিছু সময় লাগবে।

এদিকে, খুলনায় ভোট গ্রহণ শেষে একজন কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা একটি ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয় ও ২ জনকে গ্রেপ্তার করে।

বিএনপির নেতা রিজভী আহমেদ এই ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেছেন জনতার মনোভাবের যে প্রবাহ নির্বাচনে তিনি লক্ষ্য করেছেন তাতে চারটি শহরেই বিপুল ব্যবধানে বিরোধী সমর্থিত প্রাথীর্রা জিতবেন বলে তিনি নিশ্চিত।