বিক্ষোভ উপেক্ষা করেই তুরস্কের প্রধানমন্ত্রীর জনসভা

ইস্তাম্বুলের গেজি পার্ক থেকে সরকারবিরোধী বিক্ষোভকারীদের উৎখাতের ঘটনাকে কড়া ভাষায় সমর্থন জানিয়েছেন তুর্কী প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এর্দোয়ান।
ইস্তাম্বুলে এক জনসভায় হাজার-হাজার সমর্থকদের উদ্দেশ্য করে মি. এর্দোয়ান বলেন, ঐ বিক্ষোভকারীরা সন্ত্রাসীদের দ্বারা পরিচালিত হচ্ছিল, এবং তাদের থামানোটা তার দায়িত্ব ছিল।
তিনি যখন এ বক্তব্য দিচ্ছিলেন, তখন ইস্তাম্বুলের অন্যান্য এলাকা এবং রাজধানী আঙ্কারা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ কাঁদানে গ্যাস এবং জল-কামান ব্যবহার করছিল।
পুলিশী সহিংসতার প্রতিবাদ জানিয়ে তুরস্কের দুটি প্রধান শ্রমিক সংগঠন সোমবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে।

জনসভায় দেয়া ভাষণে মি. এর্দোয়ান তার বিরুদ্ধে একনায়কের মতো আচরণের অভিযোগ নাকচ করে দিয়েছেন।
তিনি বিদেশী সংবাদমাধ্যমের সমালোচনা করেছেন এবং তার ভাষায় যারা তুরস্কের রাস্তায় আতংক ছড়িয়েছে. তাদের এক এক করে চিহ্নিত করার শপথ নিয়েছেন ।
গত আটাশে মে গেজি পার্কের স্থলে কিছু স্থাপনা তৈরির পরিকল্পনার বিরুদ্ধে তুরস্কে বিক্ষোভ শুরু হয়।
তবে সরকারের কড়া প্রতিরোধের মুখে খুব দ্রুতই তা রূপ নেয় সরকারবিরোধী বিক্ষোভে।
হাসপাতাল কর্মকর্তাদের হিসেব অনুযায়ী বিক্ষোভ শুরু হবার পর থেকে এখনো পর্যন্ত ৫ হাজার মানুষ আহত হয়েছে।
নিহত হয়েছে অন্তত ৪ জন।








