'তালেবানের সাথে আলোচনার দরকার ছিলো এক দশক আগে'

কাতারের দোহায় তালেবানের অফিস
ছবির ক্যাপশান, কাতারের দোহায় তালেবানের অফিস
Published

আফগানিস্তানে ব্রিটিশ কমান্ডার বলছেন, এক দশক আগে তালেবানকে যখন ক্ষমতা থেকে উৎখাত করা হয় তখনই পশ্চিমা দেশগুলোর উচিত ছিলো তাদের সাথে একটি সমঝোতায় পৌঁছানোর।

জেনারেল নিক কার্টার বলছেন, এই জঙ্গী বাহিনীর সাথে তখনই রাজনৈতিক সমাধানের কাজটা অনেক বেশি সহজ হতো।

যুক্তরাষ্ট্র যখন তালেবানের সাথে শান্তি আলোচনা শুরু করার চেষ্টা চালাচ্ছে তখনই আফগানিস্তানে ব্রিটিশ কমান্ডার জেনারেল নিক কার্টার এই মন্তব্য করেছেন।

ব্রিটিশ সংবাদপত্র দ্যা গার্ডিয়ানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, তালেবানের শক্তির কারণে আফগান সরকারের পক্ষে সারাদেশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়তে পারে।

তিনি বলেন, কিছু কিছু এলাকায় কাবুল সরকারের নিয়ন্ত্রণ খুবই নাজুক।

আফগানিস্তানে ব্রিটেনের শীর্ষস্থানীয় এই সামরিক কর্মকর্তা বলছেন, তালেবানকে ক্ষমতা থেকে উৎখাতের পরপরই, যখন তারা পলাতক ছিলো তখনই আলোচনা শুরু করার দরকার ছিলো এবং তখনই এর রাজনৈতিক সমাধান খুঁজে পাওয়ার কাজটা সহজ হতো।

এক দশক আগে তালেবান সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দেওয়ার পর জার্মানীর বন শহরে আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে তালেবানকে অন্তর্ভুক্ত করা হয়নি।

জেনারেল কার্টার বলছেন, তখন থেকেই আফগানিস্তানে আন্তর্জাতিক সমাজ রাজনৈতিক সমস্যার মুখোমুখি। আর রাজনৈতিক সঙ্কটের সমাধান পরস্পরের সাথে আলোচনা করেই খুঁজে পাওয়া সম্ভব।

কান্দাহারে তালেবান বিদ্রোহীদের প্রতিরোধ করছে আফগান নিরাপত্তা বাহিনী
ছবির ক্যাপশান, কান্দাহারে তালেবান বিদ্রোহীদের প্রতিরোধ করছে আফগান নিরাপত্তা বাহিনী

কাতারের রাজধানী দোহায় তালেবানের অফিস নিয়েও সমস্যা হয়েছে।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও তালেবানের সাথে আলোচনার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

ব্রিটিশ কমান্ডার জেনারেল নিক কার্টার বলছেন, নেটো যে ইতোমধ্যেই নিরাপত্তার দায়িত্ব আফগান বাহিনীর কাছে হস্তান্তর করেছে, তার ফলে তালেবান আলোচনার টেবিলে আসতে পারেন বলে তিনি আশা করছেন।

উল্লেখ্য যে আগামী বছরেই পশ্চিমা সৈন্যদের আফগানিস্তান ছেড়ে যাওয়ার কথা।

কিন্তু জেনারেল কার্টার বলছেন, তারপরেও আফগান বাহিনীর সামরিক ও অর্থনৈতিক সহযোগিতার প্রয়োজন।