বাংলাদেশে আগামী সপ্তাহেই নতুন সরকার

বাংলাদেশের জাতীয় সংসদ ভবন।
ছবির ক্যাপশান, বাংলাদেশের জাতীয় সংসদ ভবন।
    • Author, কাদির কল্লোল
    • Role, বিবিসি বাংলা, ঢাকা
  • Published

বাংলাদেশে আগামী সপ্তাহেই নতুন সরকার গঠিত হচ্ছে বলে বর্তমান সরকারের একজন মন্ত্রী জানিয়েছেন। অন্যদিকে, নবনির্বাচিত সংসদ সদস্যরা বৃহস্পতিবার শপথ নিতে পারেন।

কিন্তু পুরনো সংসদের মেয়াদ ২৪শে জানুয়ারি পর্যন্ত রয়েছে। সরকার বলছে, পুরনো সংসদের মেয়াদ থাকলেও তার আগে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং সরকার গঠনে কোন বাঁধা নেই।

বিশেষজ্ঞদের অনেকেই বলেছেন, সংসদ সদস্যদের শপথ হলেও পুরনো সংদের মেয়াদ থাকা পর্যন্ত নতুন সংসদ বসতে পারবে না।

গত ৫ই জানুয়ারি দশম সংসদের নির্বাচন হওয়ার পর তিন দিনের মধ্যেই নির্বাচন কমিশন ফলাফলের গেজেট প্রকাশ করেছে।

তিন’শ আসনের মধ্যে ২৯০টির বিজয়ীর নাম প্রকাশ করে এই গেজেট করা হয়েছে বুধবার। আর বৃহস্পতিবার শপথ নেবেন নির্বাচিত সংসদ সদস্যরা। সংসদ সচিবালয় তা নিশ্চিত করেছে।

সরকারের একজন মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের জানিয়েছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ এখন সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ১২ থেকে ১৫ই জানুয়ারির মধ্যে আবারও সরকার গঠন করতে যাচ্ছে।

বিএনপির নেতৃত্বাধীন জোট এই নির্বাচন বর্জন করায় নতুন সংসদে রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি বিরোধী দলে বসছে। সেখানে আওয়ামী লীগ তাদের ১৪ দলীয় জোটের শরীক দলগুলোকে নিয়ে সরকার গঠন করবে বলে দলটির নেতারা ইঙ্গিত দিয়েছেন।

অন্যদিকে, সংবিধানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এবারই প্রথম সংসদ বহাল রেখে নির্বাচন হয়েছে।

তবে আওয়ামীলীগ নেতা ওবায়দুল কাদের বলেছেন, নবম সংসদের মেয়াদ ২৪শে জানুয়ারি পর্যন্ত বহাল থাকলেও এই সময়ের আগে শপথ গ্রহণ এবং সরকার গঠনের কোন বাধা নেই।

তিনি বলছিলেন, “আইন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নব নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার সাথে সাথেই পুরনো সংসদের কার্যকারিতা থাকবে না।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই আইনগত বিষয় নিয়ে অ্যাটর্নি জেনারেলসহ আইন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করেছেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিবিসিকে বলেছেন, নবম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে সরকার গঠন নিয়ে আইনগত কোন সমস্যা নেই। তবে তিনি মনে করেন, নব নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও পুরনো সংসদের মেয়াদ থাকা পর্যন্ত নতুন সংসদ বৈঠকে বসতে পারবে না।

তিনি বলছিলেন, “নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দল বসে তো থাকতে পারে না। সংখ্যাগরিষ্ঠ দলের সরকার গঠনে সমস্যা নেই। তবে এখনকার বিধান অনুযায়ী নবম সংসদের মেয়াদ থাকা পর্যন্ত অর্থাৎ ২৪শে জানুয়ারি পর্যন্ত দশম সংসদ বসবে না। তাহলে আর আইনগত কোন সমস্যা হবে না।”

নতুন সংসদের সদস্যরা শপথ নেওয়ার পর দেশে দু’টি সংসদ বহাল থাকছে, এমন বক্তব্যও আইনজীবীদের অনেকে তুলেছেন।