'ব্লগার রাজীব হত্যা মামলায়' চার্জশিট দাখিল

    • Author, কাদির কল্লোল
    • Role, বিবিসি বাংলা, ঢাকা
  • Published

বাংলাদেশে বহুল আলোচিত 'ব্লগার রাজীব হত্যা মামলায়' আটজনকে অভিযুক্ত করে গোয়েন্দা পুলিশ আদালতে চার্জশিট দিয়েছে। অভিযুক্তদের একজন পলাতক।

পুলিশ বলেছে, এই হত্যাকাণ্ড ছিলো পরিকল্পিত। অভিযুক্তরা তাদের স্বীকারোক্তিতে বলেছেন, ইসলামধর্ম সম্পর্কে ব্লগে বাজে মন্তব্য করার কারণেই তাকে হত্যা করা হয়েছে।

গত বছরে ফেব্রুয়ারিতে ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চেরআন্দোলন শুরু হওয়ার পরপরই ব্লগার আহমেদ রাজিব হায়দারকে হত্যা করা হয়, যিনি থাবা বাবা নামে ইন্টারনেটে ব্লগ লিখতেন।

ব্লগার রাজীব হত্যার ঘটনার ১১ মাস পর গোয়েন্দা পুলিশ চার্জশিট জমা দেয় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে। ঘটনার পর থেকেই সন্দেহবশত: সাতজন আটক ছিল।

আটকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং তথ্য প্রমাণ সংগ্রহ করে তার ভিত্তিতে চার্জশিট দেওয়ার কথা বলছে গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মাসুদুর রহমান বলেছেন, “আটক থাকা সাতজনসহ মোট আটজনকে অভিযুক্ত করা হয়েছে চার্জশিটে । এর মধ্যে অভিযুক্ত মুফতি মো: জসিমউদ্দিন রহমানী জঙ্গী এবং উগ্র তৎপরতার সাথে জড়িত ছিলেন। এই জসিমউদ্দিন রহমানী ঢাকার মোহাম্মদপুরে দু’টি মসজিদে জুম্মার নামাজের আগে খুতবা দিতেন এবং তিনি ধর্মের বিরুদ্ধে লেখে, এমন ব্লগারদের হত্যার ফতোয়াও দিতেন। অন্য আসামীরা সবাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তারা ঐ খুতবা শুনতে যেতো। এভাবে তাদের মধ্যে একটা যোগাযোগ তৈরি হয়েছিল। ”

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রায়ে জামায়াতের শীর্ষপর্যায়ের একজন নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল গত বছরের ৫ই ফেব্রুয়ারি।

এই রায় ঘোষণার পর পরই সর্ব্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকার শাহবাগে আন্দোলন শুরু হয়েছিল। গণজাগরণ মঞ্চের ব্যানারে সেই আন্দোলন ব্লগারদের একটা অংশের সক্রিয় ভূমিকা ছিল।

আর এই আন্দোলন শুরুর কয়েকদিন পরই ১৫ই ফেব্রুয়ারি ঢাকার পল্লবী এলাকায় ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। তখন এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে শাহবাগের আন্দোলন জোড়ালো হয়েছিল।

গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মাসুদুর রহমান বলেছেন, ব্লগার রাজীবকে অনুসরণ করে এবং তথ্য সংগ্রহ করার পর অভিযুক্তরা পরিকল্পিতভাবে হত্যাকান্ড ঘটিয়েছিল। তদন্ত তা উঠে এসেছে এবং চাজশিটে তা তুলে ধরা হয়েছে।

ব্লগার রাজীবের পুরো নাম আহমেদ রাজীব হায়দার। তিনি পেশায় স্থপতি ছিলেন। তিনি ব্লগ লিখতেন থাবাবাবা নামে। সে সময় ব্লগে ইসলাম ধর্ম নিয়ে নেতিবাচক মন্তব্য লেখার অভিযোগে বিভিন্ন ইসলামী সংগঠনও ব্লগারদের বিরুদ্ধে আন্দোলন করেছিল।

ব্লগার রাজিবে পিতা ডা: নাজিমউদ্দিন বলেছেন, তাঁর ছেলেকে হত্যার ঘটনার চার্জশিট হওয়ার মাধ্যমে মামলাটি বিচার প্রক্রিয়ার দিকে এগুচ্ছে, সে জন্য তারা সন্তুষ্ট। তিনিই হত্যা মামলাটি দায়ের করেছিলেন।