বিএনপির তিন শীর্ষ নেতার জামিনে মুক্তি

arrested bnp leaders
ছবির ক্যাপশান, নভেম্বরে ৭২ ঘন্টার হরতাল ঘোষণার পর বিএনপির কয়েকজন নেতা গ্রেপ্তার হন
Published

বাংলাদেশে প্রধান বিরোধী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ ও রফিকুল ইসলাম মিয়া এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন আজ জামিনে মুক্তি পেয়েছেন।

তাদের বিরুদ্ধে সবগুলো মামলায় জামিন হওয়ায় মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।

সোমবার দিবাগত রাতে তাদের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছয়।

কারাগার সূত্রে বলা হয় সেসব কাগজ যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় আজ তাদের মুক্তি দেওয়া হয়।

বিএনপি নেতৃত্বাধীন জোট গত ৮ই নভেম্বর ৭২ ঘন্টার হরতাল ডাকার পর মওদুদ আহমেদ ও রফিকুল ইসলাম মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে।

অন্যদিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং বার কাউন্সিলের সহ সভাপতি খন্দকার মাহবুব হোসেনকে গত ৭ই জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ।

মওদুদ আহমেদ তার বিরুদ্ধে আনা অগ্নিসংযোগ, জনসম্পত্তি ধ্বংসসহ ছয়টি মামলার সবগুলোতেই তিনি জামিন পেয়েছেন।

রফিকুল ইসলাম মিয়াও তার বিরুদ্ধে আনা পাঁচটি মামলার সবগুলোতেই জামিন পেয়েছেন।

মিঃ হোসেনের বিরুদ্ধেও অগ্নিসংযোগ ও জনসম্পত্তি ধ্বংসের অভিযোগে দুটি মামলা দেওয়া হয়েছিল যেগুলোতে তিনি জামিন পেয়েছেন।