সিরিয়ার যুদ্ধে ১০,০০০ শিশুর মৃত্যু: জাতিসংঘ

syria children
ছবির ক্যাপশান, সংঘাত থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে তুরস্কে ঢুকছে তিন সিরীয় শিশু
Published

সিরিয়ার সংকটের মধ্যে সে দেশের শিশুদের কী হাল হয়েছে, সে সম্পর্কে জাতিসংঘ মহাসচিব বাস কী মুন এই প্রথম নিরাপত্তা পরিষদের কাছে কোন রিপোর্ট দিলেন।

এই রিপোর্টে শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে।

বলা হয়েছে কখনো কখনো এসব নির্যাতন চালানো হয়েছে পরিকল্পিতভাবে, কখনো বা সংঘাতের স্বাভাবিক পরিণতিতে।

এই গৃহযুদ্ধের ফলে ৪০ লাখেরও বেশি শিশু গৃহহীন হয়েছে। তাদরে জন্য কোন শিক্ষা বা স্বাস্থ্যসেবা নেই।

সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের ভারী অস্ত্রের নির্বিচার আঘাতে হাজার হাজার শিশু প্রাণ হারিয়েছে, নয়তো পঙ্গু হয়েছে।

রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে সিরিয়ায় প্রায় তিন বছরব্যাপী গৃহযুদ্ধে দশ হাজারেরও বেশি শিশু প্রাণ হারিয়েছে। বাস্তচ্যূত হয়েছে চল্লিশ লাখ শিশু।

বিদ্রোহী যোদ্ধারা শিশু অধিকার লঙ্ঘন করছে সরকারের পক্ষ থেকে এমন অভিযোগ করা হলেও জাতিসংঘ রিপোর্টের তথ্য অনুযায়ী সরকারি বাহিনীও শিশুদের আটক ও নির্যাতন করেছে।

এই সংঘাতে উভয় পক্ষের বিরুদ্ধে জাতিসংঘ সংঘাতপূর্ণ এলাকায় মানবিক ত্রাণ সাহায্য আটকে দেয়ার অভিযোগ করছে।

রিপোর্টে শিশুদের অধিকার রক্ষার ডাক দেয়া হয়েছে এবং বিশেষভাবে জনবসতির ওপর ভারী অস্ত্র ব্যবহার বন্ধ করার কথা বলা হয়েছে।