ভারতে এপ্রিল থেকে ধাপে ধাপে সাধারণ নির্বাচন

ছবির উৎস, AP
ভারতের নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। এপ্রিলের ৭ তারিখ থেকে ধাপে ধাপে ১২ই মে পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
নির্বাচনে ভোট গণনা করা হবে ১৬ই মে।
৮১ কোটি ৪০ লক্ষ ভোটার এই নির্বাচনে ভোট দেয়ার উপযুক্ত। বিশ্বের কোন নির্বাচনে এ যাবত এটাই সর্বোচ্চ ভোটার সংখ্যা।
নির্বাচনে ক্ষমতাসীন কংগ্রেস এবং প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি মূল প্রতিদ্বন্দ্বী। তাদের পাশাপাশি বহু ছোট এবং আঞ্চলিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
ভারতের ১১টি আঞ্চলিক দল ইতোমধ্যে কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে একটি তৃতীয় জোট গঠন করেছে।
ভারতের দিল্লিতে সম্প্রতি নির্বাচনে জিতে চমক সৃষ্টিকারী দুর্নীতি বিরোধী দল আম আদমি পার্টিও এই নির্বাচনে অংশ নেবে।
ভারতের পার্লামেন্টের নিম্ন কক্ষের ৫৪৩টি আসনে ভোট হবে। সরকার গঠনের জন্য যে কোন দল বা জোটের অন্তত ২৭২টি আসনে জিততে হবে।
ভোটের তারিখ
ভোট গ্রহণ করা হবে এপ্রিলের ৭, ১০, ১২, ১৭, ২৪, ৩০ এবং মে মাসের ৭ ও ১২ তারিখে।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার ভি এস সাম্পাথ বলেছেন, ভোটের তারিখ নির্ধারণের ক্ষেত্রে স্কুলের পরীক্ষা, আবহাওয়া এবং ফসল কাটার মওসুমকে বিবেচনায় নেয়া হয়েছে।
বিপুল ভোটার সংখ্যার কারণে ভারতকে বিবেচনা করা হয় বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে। গত নির্বাচনের তুলনায় এবার ভোটার বেড়েছে আরও দশ কোটি।
নয় লক্ষ তিরিশ হাজার ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।
ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং যন্ত্রে। কোন প্রার্থীকেই যদি পছন্দ না হয় তাহলে ভোটাররা কাউকেই ভোট না দেয়ার একটা অপশন পাবেন এবারের নির্বাচনে।
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং আর প্রার্থী হবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। কংগ্রেস এবারের নির্বাচনে লড়বে নেহেরু-গান্ধী পরিবারের উত্তরাধিকারি রাহুল গান্ধীর নেতৃত্বে।








