ভারতে নির্বাচনে ১২১ টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত

- Author, অমিতাভ ভট্টশালী
- Role, বিবিসি বাংলা, কলকাতা
- Published
ভারতে নির্বাচনে আজ সবচেয়ে বেশি আসনে ভোট গ্রহণ হয়েছে। ১২ টি রাজ্যের ১২১ টি আসনে ভোটার রয়েছেন ১৭ কোটি।
যার মধ্যে প্রাথমিক পর্যায়ের হিসেবে ৬০ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে।
ভারতে সারা দেশে ৫ সপ্তাহ ধরে চলা নির্বাচনের একটি পঞ্চম ধাপ।
সংবাদদাতারা বলছেন, দেশটির নির্বাচন প্রক্রিয়ায় আজ বৃহস্পতিবার হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ দিন।
ওদিকে পশ্চিমবঙ্গের চারটি লোকসভা কেন্দ্র – দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কোচবিহারে ভোট গ্রহণের মাধ্যমে সেরাজ্যে ভোট নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে আজ।
সকাল থেকেই কোচবিহার কেন্দ্রের বিভিন্ন প্রান্ত থেকে ছোটখাটো সহিংসতার খবর আসতে থাকে।
বামপন্থীরা অভিযোগ জানাতে থাকেন যে সিতাই, শীতলকুচি সহ বহু জায়গাতে তাদের এজেন্টদের মারধর করা হচ্ছে – একজনকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছে।
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই সব অভিযোগই নির্বাচন কমিশনের কাছে জানিয়েছেন বাম নেতারা।

ছবির উৎস, AP
ভোটারদের আটকানোর চেষ্টা করা হচ্ছে বা ভয় দেখানো হচ্ছে কাল রাত থেকেই – এই অভিযোগও ওঠে। তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই এই সব অভিযোগ স্বীকার করে নি।
দিনহাটার কালমাটি এলাকায় সকাল থেকেই উত্তেজনা চলছিল বাংলাদেশী ছিটমহলের যেসব অধিবাসী ভারতীয় ভোটার কার্ড করিয়েছেন – তাঁদের ভোট দেওয়ার বিরোধিতা করছিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।
কেন্দ্রীয় পুলিশ বাহিনী সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেস সমর্থকদের ওপরে লাঠি চার্জ করে -- তিনজন গ্রেপ্তার হয়েছেন।
বেলার দিকে জেলার নির্বাচনী কার্যালয়ের সামনে পুনর্নিবাচনের দাবীতে অবস্থান-ধর্ণায় বসে পড়েন বাম প্রার্থী দীপক রায়।
তবে কিছুক্ষণ পরে সেই অবস্থান উঠেও যায়।
আর বিকেলে নির্বাচন কমিশন জানিয়েছে যে ছোটখাটো গোলমাল হলেও বড়ধরণের কোনও সহিংসতা ঘটে নি – আর পুনর্নিবাচনের দাবীও খারিজ হয়ে গেছে।
যদিও নির্বাচন কমিশন জানিয়েছিল যে সব জায়গাতেই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে, তবে কোচবিহারের কয়েকটি মাত্র বুথে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী চোখে পড়েছে।

ছবির উৎস, bbc
বেশীরভাগ জায়গাতেই শুধুই রাজ্য পুলিশ কর্মীরা ছিলেন নিরাপত্তার দায়িত্বে।
কোচবিহারে যেমন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ, দার্জিলিং পাহাড়ে অবস্থাটা ঠিক উল্টো – সেখানে পাহাড়ের জনপ্রিয় দল – গোর্খা জনমুক্তি মোর্চার বিরুদ্ধে নির্বাচনী কারচুপির প্রচুর অভিযোগ জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস – বেশীরভাগই ভিত্তিহীন বলে জানিয়েছে জেলা প্রশাসন।
জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার কেন্দ্রে শান্তিতেই ভোট হয়েছে।
খুব সকাল থেকেই – ভোট শুরু হওয়ার ঘন্টাখানেক আগে থেকেই লাইন পড়ে গিয়েছিল বুথগুলিতে – প্রথম বেলায় মহিলা আর বয়স্কদের ভিড় চোখে পড়েছে।
দুপুরের দিকে কিছুটা ভিড় কম ছিল – শহর – গ্রাম দুই এলাকাতেই।
তবে শহরে বিকেলের দিকে আবারও কিছু ভোটারকে বুথের দিকে যেতে দেখা গেছে।








