স্কুল ছাত্রী অপহরণ বিবেকহীন কাজঃ মিশেল ওবামা

ছবির উৎস, Casa Branca
যুক্তরাষ্ট্রের ফার্ষ্ট লেডি মিশেল ওবামা নাইজেরিয়ায় দুশোর বেশি স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনাকে ‘বিবেকহীন কাজ’ বলে মন্তব্য করেছেন।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের সাপ্তাহিক বেতার ভাষণ দেয়ার যে রেওয়াজ রয়েছে, তাতে ব্যতিক্রম ঘটিয়ে এবার ফার্ষ্ট লেডিই এই বেতার ভাষণ দেন।
সেখানে তিনি নাইজেরিয়ায় জঙ্গী গোষ্ঠী বোকো হারামের হাতে অপহৃত স্কুল ছাত্রীদের বিষয়টি তুলে ধরেন।
মিশেল ওবামা বলেন, বোকো হারাম জঙ্গীরা তরুণ শিক্ষার্থীদের আকাঙ্খা রোধ করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, নাইজেরিয়ায় যা ঘটেছে তা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। প্রতিদিন বিশ্ব জুড়ে মেয়েদেরকে তাদের স্বপ্ন বা আকাঙ্খা পূরণ করতে গিয়ে জীবন বিপন্ন করতে হচ্ছে।
শিক্ষাকেই মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় সুযোগ বলে বর্ণনা করেন মিশেল ওবামা।
নাইজেরিয়ায় বোকো হারাম জঙ্গীরা দুশোর বেশি স্কুল ছাত্রীকে অপহরণের পর তিন সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেছে।
এদের উদ্ধারের লক্ষ্যে নাইজেরিয়ার সরকারকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ বিভিন্ন বিভিন্ন পশ্চিমা দেশ।








