সব মানুষের জন্য কাজ করতে চান মোদি

ছবির উৎস, AP
ভারতের জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপির নেতা নরেন্দ্র মোদী ক্ষমতায় গিয়ে দেশের সব মানুষের জন্য কাজ করবেন বলে অঙ্গীকার করেছেন।
নির্বাচনে একক ভাবে সংখ্যাগরিষ্ঠ পাবে বলে মনে করা হচ্ছে বিজেপি। তাঁর দল সরকার গঠন করলে নরেন্দ্র মোদিই হবেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী।
নিজ রাজ্য গুজরাটে তিনি দলের সমর্থকদের উদ্দেশ্যে বলেন, জনগণের রায় তাকে এক বিরাট দায়িত্ব দিয়েছে। একশো কোটি ভারতীয়ের স্বপ্ন পূরণে তাঁর সরকার কঠোর পরিশ্রম করবে।

ছবির উৎস, AP
এখন পর্যন্ত ঘোষিত ফলাফল থেকে ধারণা করা হচ্ছে বিজেপি তাদের এনডিএ জোটের শরিকদের সমর্থন ছাড়াই সরকার গঠন করতে পারবে।
ভারতীয় সময় রাত সাড়ে আটটায় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী বিজেপি ২১৩ টি আসনে জিতেছে। তাদের প্রার্থীরা এগিয়ে আছেন আরও ৬৯টি আসনে।
অন্যদিকে ভারতীয় জাতীয় কংগ্রেস ৩৩টি আসনে জিতেছে। তাদের প্রার্থীরা এগিয়ে আছেন আরও ১২টি আসনে।
ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বিজেপির এই জয়কে ঐতিহাসিক বলে বর্ণনা করছেন।
গত তিরিশ বছরে ভারতের কোন নির্বাচনে কোন একক দল এরকম বিপুল ভোটে জয়ী হয়নি।
নির্বাচনে বিজেপির বিপুল বিজয়ের পর ভারতের শেয়ার বাজারে চাঙ্গা ভাব দেখা যাচ্ছে।
কংগ্রেসের হার স্বীকার
নির্বাচনে কংগ্রেস এবার যে ফল করেছে, তা দলটির ইতিহাসের এ যাবতকালের সবচেয়ে শোচনীয় পরাজয়।
ভারতের স্বাধীনতার পর গত ৬৭ বছরের ইতিহাসে বেশিরভাগ সময় দেশ শাসন করেছে কংগ্রেস।
কিন্তু এবারই প্রথম পার্লামেন্টে তাদের আসন সংখ্যা নেমে আসবে পঞ্চাশের নীচে।
এর মানে ভারতের সংসদে প্রধান বিরোধী দলের মর্যাদা পেতে হলে যে অন্তত দশ শতাংশ আসনে জিততে হয়, তাদের আসন সংখ্যা সেই সীমার নিচে।
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী পরাজয় স্বীকার করে এর দায় তাঁর কাঁধে নিয়েছেন।
অন্যদিকে তাঁর ছেলে রাহুল গান্ধীও পরাজয়ের দায় নিয়ে বলেছেন, নির্বাচনে এই ফলের পর কংগ্রেসকে নতুন করে অনেক কিছু ভাবতে হবে।
বিশ্ব নেতাদের অভিনন্দন
বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ভারতের নির্বাচনে জয়ী বিজেপি নেতা নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, তিনি মিস্টার মোদির সঙ্গে কাজ করার অপেক্ষায় আছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফও বিজেপির বিপুল বিজয়ে মিস্টার মোদিকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন।
শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে নরেন্দ্র মোদিকে বিজয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে শ্রীলংকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন।








