নুর হোসেনকে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে
বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন কলকাতায় আটক হওয়া নারায়ণগঞ্জের সাতখুন হত্যা মামলার প্রধান অভিযুক্ত নুর হোসেনকে সেখান থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে ।
গতকাল কলকাতায় নূর হোসেনকে আটকের পর আজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন ।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন ইন্টারপোলের মাধ্যমে জারী হওয়া গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী কলকাতার পুলিশ গতরাতে নূর হোসেনকে আটক করেছে ।
ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তির কথা স্মরন করিয়ে দিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের জনান গ্রেফতারকৃতদের ব্যাপারে সব তথ্য আনুষ্ঠানিকভাবে আদান-প্রদানের পরই তাদের ফিরিয়ে আনা হবে ।
এদিকে বাংলাদেশের নারায়ণগঞ্জের সাতখুন হত্যা মামলার প্রধান অভিযুক্ত নুর হোসেনকে আজ বেলা এগারোটার দিকে পশ্চিমবঙ্গের বারাসাতের আদালতে তোলা হয়েছে ।
নূর হোসেনের সাথে তার দুইজন সহযোগীও রয়েছে ।
অন্যদিকে ভারতের বিধাননগরের পুলিশ কমিশনার রাজিব কুমার বিবিসিকে গতকাল নিশ্চিত করেছেন যে বাংলাদেশের নারায়ণগঞ্জের সাতখুন হত্যা মামলার প্রধান অভিযুক্ত নুর হোসেনকে আটক করেছে তারা।
নুর হোসেনের সাথে আরো দুইজন বাংলাদেশীকে আটক করেছে তারা। বাহুইহাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবব্রত ওঝা তাকে আটক করেন।
একজন আইনজীবী ও একজন কাউন্সিলরসহ মোট সাতজনের ওই খুনের ঘটনার পর থেকেই পলাতক ছিলেন আরেক কাউন্সিলর মি. হোসেন এবং তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছিল ইন্টারপোল।
হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে র্যাবের তিনজন কর্মকর্তাকেও গ্রেপ্তার করা হয়।








