আবারো প্রতিপক্ষ খেলোয়াড়কে 'কামড়ে' দিলেন সোয়ারেয

ছবির উৎস, AP
ইটালির জিওর্গিও কিয়েলিনিকে 'কামড়ে' দিয়ে আবারো সমালোচনার ঝড় তুললেন উরুগুয়ের তারকা খেলোয়াড় লুইস সোয়ারেয।
ডিয়েগো গোডিনের দেয়া জয়সূচক গোলের কয়েক মুহূর্ত আগেই কিয়েলিনির কাঁধের দিকে মাথা ঠেলতে দেখা যায় সোয়ারেযকে।
এরপরই কিয়েলিনি তার জার্সি খুলে কাঁধে একটা সুস্পষ্ট দাগ দেখায় রেফারিকে।
এসময় বিবিসির ধারাভাষ্যকারেরা ওই দাগটিকে কামড়ের দাগ বলেই উল্লেখ করছিলেন।
সোয়ারেযের এমন কামড়-কাণ্ড এটাই প্রথম নয়।
২০১৩ সালে লিভারপুলের হয়ে খেলার সময় প্রিমিয়ার লিগের একটি ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়কে কামড় দেবার দায়ে দশ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় সোয়ারেযকে।
২০১০ সালে আয়াক্সের অধিনায়ক থাকার সময়েও পিএসভি আইন্ডহোভেনের মিডফিল্ডার ওটম্যান ব্যাকালের ঘাড়ে কামড়ে সাত ম্যাচ নিষিদ্ধ ছিলেন সোয়ারেয।
উরুগুয়ের জয়ে ইটালির বিদায়

ছবির উৎস,
বিশ্বকাপের ভবিষ্যৎ নির্ধারণী ওই ম্যাচটিতে অবশ্য ১-০ গোলের জয় পেয়েছে উরুগুয়ে।
একাশি মিনিটে কর্নার কিকে হেড দিয়ে গোডিনই এই ম্যাচের একমাত্র গোলটি করেন।
এর আগেই অবশ্য মার্সিসিও লাল কার্ড পাওয়ায় দশজনের দল হয়ে যায় ইটালি।
এই পরাজয়ের ফলে প্রথম রাউন্ড থেকেই বিশ্বকাপ শেষ হয়ে গেল চারবারের বিশ্বকাপ জয়ী দল ইটালির।
আর নকআউট পর্ব নিশ্চিত হল উরুগুয়ের।
ইংল্যান্ড বনাম কস্টা রিকা
দুই ম্যাচ জিতে কস্টা রিকার দ্বিতীয় পর্ব এবং কোনও ম্যাচ না জিতে ইংল্যান্ডের বিদায় আগেই নিশ্চিত হওয়ায় বেলো অরিজোন্তিতে দুই দলের শেষ এই ম্যাচটি ছিল নিয়ম রক্ষার।
তবু গ্রুপ ডি'র এই শেষ ম্যাচে অন্তত একটি সান্ত্বনার জয় পেতে আপ্রাণ চেষ্টা ছিল ইংল্যান্ডের।
কিন্তু শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়েই গড়ায় ম্যাচটির ভাগ্য।
গ্রুপ 'সি'
ভোররাতে, 'সি' গ্রুপের দারুণ উত্তেজনাপূর্ণ এক ম্যাচে জাপানকে ৪-১ গোলে হারিয়েছে কলম্বিয়া।
আর শেষ মুহূর্তের পেনাল্টিতে গোল করে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে গ্রিস।
এরই মধ্যে নকআউট পর্বের ষোলটির মধ্যে আটটি দল চূড়ান্ত হয়ে গেছে। এর মধ্যে চারটি চূড়ান্ত হয়েছে রাতে গ্রুপ সি ও ডি এর ম্যাচগুলো শেষ হবার পর।
এই চারটি দলের মধ্যে ২৯শে জুন বাংলাদেশ সময় রাত দুটায় কলম্বিয়া লড়বে উরুগুয়ের সাথে।
একই সময়ে নকআউটের আরেক ম্যাচে মুখোমুখি হবে কস্টা রিকা ও গ্রিস।








