দ্বিতীয় দফার ভোটে ব্রাজিলের নির্বাচন

(বাঁ থেকে): এইসিও নেভেস, ডিলমা রুসেফ, মারিনা সিলভা।
ছবির ক্যাপশান, (বাঁ থেকে): এইসিও নেভেস, ডিলমা রুসেফ, মারিনা সিলভা।
Published

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে তিন প্রধান প্রতিদ্বন্দ্বীর কেউই প্রয়োজনীয় ৫০% ভোট পাননি। ফলে প্রেসিডেন্ট ডিলমা রুসেফকে আরেক দফা ভোটে মুখোমুখি হতে হবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এইসিও নেভেসের।

ব্রাজিলের এবারের এই নির্বাচনে সবার মনোযোগ ছিল বর্তমান প্রেসিডেন্ট ডিলমা রুসেফ এবং মারিনা সিলভার দিকে। গণমাধ্যমে এটিকে দুই মহিলার লড়াই হিসেবে দেখানো হচ্ছিল।

কিন্তু নির্বাচনী দৌড়ে একসময় ফেভারিট থাকলেও মারিনা সিলভা ২১% ভোট পেয়ে তৃতীয় স্থানে চলে গেছেন।

ডিলমা রুসেফ পেয়েছেন ৪২%, আর রক্ষণশীল প্রার্থী এইসিও নেভেস পেয়েছেন ৩৪% ভোট।

ভোটের ফল জানার পর প্রেসিডেন্ট ডিলমা রুসেফ বলেছেন, জনগণ আসলে বর্তমান শাসনব্যবস্থা অব্যাহত রাখার পক্ষেই রায় দিয়েছে।

বিশ্লেষকরা এখন ধারণা করছেন, দ্বিতীয় দফা ভোটে ডিলমা রোসেফের সঙ্গে রক্ষণশীল প্রার্থী এইসিও নেভেসের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। কারণ তারা দুজনেই এখন মারিনা সিলভার সমর্থকদের ভোট টানার চেষ্টা করবেন।

মি. নেভেস ইতোমধ্যে মারিনা সিলভার সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন, তাকে ভোট দেয়ার জন্য। তিনি বলছেন, ব্রাজিলের জনগণের মধ্যে পরিবর্তনের যে আকাঙ্খা, তিনি তার প্রতিনিধিত্ব করেন।

তবে মারিনা সিলভা বলেছেন, তিনি এবং তার সমাজতন্ত্রী দলের নেতারা আগে বৈঠকে বসবেন। তারপরই তারা সিদ্ধান্ত নেবেন কোন প্রার্থীকে তারা সমর্থন করবেন।