ছাত্রদলের অফিসে তালা দিল বিক্ষুব্ধ নেতা-কর্মীরা

ছবির উৎস, focus bangla
জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে সংগঠনের বিক্ষুব্ধ একদল নেতা-কর্মী। ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি নিয়ে গত কদিনের মতো আজকেও বিক্ষোভ চলছিল ঢাকার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এরই এক পর্যায়ে সেখানে তালা দেয়া হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির দুপুরে যখন কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তখনো সেখানে বিক্ষোভ চলছিল। তিনি গাড়ীতে চলে যাওয়ার সময়ও সেখানে ছাত্রদলের বিক্ষুব্ধ কর্মীরা নতুন কমিটি প্রত্যাখ্যান করে শ্লোগান দেন।
উল্লেখ্য কয়েকদিন আগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। ছাত্রদলের নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদক নিযুক্ত হন যথাক্রমে রাজীব আহসান এবং আকরামুল হাসান।

ছবির উৎস, focus bangla
কিন্তু এই কমিটি ঘোষণার পরপরই সংগঠনের একাংশ এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। শুক্রবারও নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের মিছিল করতে দেখা যায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, যারা ছাত্রদলের দুর্দিনে মাঠে ছিলেন, নতুন কমিটিতে তাদের ঠাঁই হয়নি। তারা এই কমিটি পুনর্গঠনের দাবি তুলেছেন।
তবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেন, দলের নেত্রী খালেদা জিয়া সবার সঙ্গে আলাপ আলোচনা করেই এই কমিটি গঠন করেছেন।




