নতুন করে নির্বাচনের দাবী নাকচ করেছেন প্রধানমন্ত্রী

- Author, কাদির কল্লোল
- Role, বিবিসি বাংলা, ঢাকা
- Published
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন করে নির্বাচন বা সংলাপের জন্য বিরোধীদলের দাবি প্রত্যাখ্যান করেছেন। ইতালি সফর শেষে ঢাকায় ফিরে আজ এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, সময়মতোই নির্বাচন হবে।
মন্ত্রীসভা থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও বিচারের দাবিতে কিছু ইসলামপন্থী দল যে হরতাল ডেকেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অযৌক্তিক বলেও আখ্যায়িত করেন।
বর্তমান জাতীয় সংসদের স্পিকার এবং একজন সংসদ সদস্য কমনওয়েলথ পার্লমেন্ট এসোসিয়েশন এবং ইন্টার পার্লমেন্টারি ইউনিয়ন, এই দু’টি আন্তর্জাতিক ফোরামের সভাপতির পদ পেয়েছেন।
সাংবাদিকদের প্রশ্নে সে প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ যথাযত মর্যাদা পাচ্ছে।
কিন্তু দেশে অহেতুক ৫ই জানুয়ারির নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করা হয় বলে তিনি মনে করেন। অন্যদিকে ৫ই জানুয়ারির নির্বাচন বয়কট করে বিএনপির নেতৃত্বাধীন জোট আবারও আন্দোলনের কর্মসূচি নেয়ার কথা বলছে।
বিএনপি নতুন করে নির্বাচন চাইছে। সে প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সময়মতোই নির্বাচন হবে।
তিনি বলছিলেন, “আন্দোলনের হুমকি উনি বহুবারই দিলেন। ৫ই জানুয়ারির নির্বাচনের আগে অনেকেরই ধারণা ছিল, দেশে সাংঘাতিক অবস্থা সৃষ্টি করবে।আমি বলেছিলাম, কিছুই হবে না। কিছুই হয়নি। দুই-চারটা মানুষ খুন করা মানে আন্দোলন নয়"।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, "মনে রাখতে হবে, ৫ই জানুয়ারির নির্বাচনের সময় আমরা একটা ট্রানজিট পিরিয়ডে ছিলাম। তখন অন্তবর্তীকালীণ সরকার হিসেবে কাজ করেছি।কাজেই তখন যে কাজটা করতে পেরেছে, এখন কিন্তু আমরা নির্বাচিত সরকার।তখন তারা যা করতে পেরেছিল, এখন তা পারবে না। আমার দেশের মানুষের গায়ে হাত দিয়ে দেখুক"।
বিএনপির পক্ষ থেকে আন্দোলনের পাশাপাশি আলোচনা বা সংলাপের কথাও বলা হচ্ছে। সে সর্ম্পকিত প্রশ্নে প্রধানমন্ত্রী কড়া ভাষায় বক্তব্য তুলে ধরেন।
তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের প্রশ্রয় দেয়া এবং ২১শে অগাষ্টে আওয়ামী লীগের সমাবেমে গ্রেনেড হামলাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
হজ নিয়ে মন্তব্য করায় আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবিতে ইসলামপন্থী কয়েকটি দলের একটি জোট ২৬শে অক্টোবর রোববার যে হরতাল ডেকেছে, সেটাকে অযৌক্তিক বলে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেছেন, আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রীসভা থেকে অব্যাহতি দেয়াসহ সব ব্যবস্থা নেয়া হয়েছে। এরপরও এ নিয়ে কর্মসূচি দেয়া যৌক্তিক নয়।








