যুক্তরাষ্ট্রের ফার্গুসন শহরে চলছে ব্যাপক দাঙ্গা

ছবির উৎস, l
যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যে একজন কৃষ্ণাঙ্গ তরুণকে গুলি করে হত্যার দায় থেকে একজন শ্বেতাঙ্গ পুলিশকে আদালত অব্যাহতি দেবার পর একে কেন্দ্র করে ফারগুসন শহরে রাতভর দাঙ্গা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, বিক্ষোভকারীরা পুলিশের ওপরও গুলি করেছে। শহরের উপকণ্ঠে বহু গাড়ি ও ভবনে আগুন দেয়া হয়েছে, দোকানপাট লুট করা হয়েছে।
বিক্ষোভ হয়েছে আমেরিকার অন্যান্য শহরেও ।
গত আগস্ট মাসে ফারগুসনের সেন্ট লুইস উপশহরে মাইকেল ব্রাউন নামের ওই কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হন।
আদালতের জুরিরা বলছেন, তারা ড্যারেন উইলসন নামের ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনছেন না কারণ তিনি আত্মরক্ষার্থে গুলি করেছিলেন বলে তাদের কাছে প্রতীয়মান হয়েছে।
নিহত তরুণটির পরিবার এবং প্রেসিডেন্ট বারাক ওবামাও এ সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
রাতভর খন্ডযুদ্ধ
ফার্গুসনে প্রায় রাতভর চলেছে বিক্ষুব্ধ মানুষের সাথে পুলিশের খন্ডযুদ্ধ।
সহিংস বিক্ষোভ দমনে, দাঙ্গা পুলিশ কাদানে গ্যাস এবং মরিচের গুড়া ব্যবহার করে। সেন্টু লুইসের পুলিশ প্রধান ড্যারেন উইলসন বলছেন, অগাস্টে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন মারা গিয়েছিল, তখনকার চেয়ে গতরাতের দাঙ্গা ছিল আরো ভয়ঙ্কর।
মাইকেল ব্রাউনকে হত্যার ঘটনা ছিল ৬ই অগাস্ট। ড্যারেন উইলসন নামে শ্বেতাঙ্গ এক পুলিশের গুলিতে সে মারা যায়। আত্মরক্ষার্থে পুলিশকে গুলি করতে হয়েছিল, এই ব্যাখ্যা মানতে নারাজ শহরের অধিকাংশ কৃষ্ণাঙ্গ বাসিন্দা।
তারা এটাকে বর্ণবাদী হত্যা হিসাবে দেখে এবং ঐ পুলিশ কর্মকর্তার বিচার দাবি করে। দাবির মুখে, সাধারণ মানুষের মধ্য থেকে ১২ জনকে নিয়ে, যাদের মধ্যে তিনজন কৃষ্ণাঙ্গ, একটি জুরি বোর্ড গঠন করা হয়। কয়েক সপ্তাহ ধরে সাক্ষ্য প্রমাণ দেখে গতকাল স্থানীয় সময় সন্ধ্যার দিকে জুরি তাদের সিদ্ধান্ত জানিয়ে দেয় যে পুলিশ কর্মকর্তার কোনো অপরাধ তারা দেখতে পাননি।
নিহত মাইকেল ব্রাউনের পরিবার এবং ফার্গুসনের কৃষ্ণাঙ্গ জনগোষ্টী গভীর উৎকন্ঠা নিয়ে অপেক্ষা করছিলেন জুরিদের রায় শোনার জন্য। সন্ধ্যার পরপরই যখন তা জানা গেল, তারা ক্ষোভে ফেটে পড়েন।
আমেরিকাতে পুলিশের ব্যাপারে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর বিশাল একটি অংশ সবসময়ই সন্দিহান। থেকে থেকেই পুলিশের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ ওঠে। ফলে আদালত মাইকেল ব্রাউনের মৃত্যুর পেছনে পুলিশের কোনো অপরাধ না দেখলেও, বহু মানুষের মনে সন্দেহ তাতে হয়ত ঘুচবে না।








