সরকারি নিরাপত্তার বিরুদ্ধে মোদির স্ত্রীর উদ্বেগ

সরকারের দেয়া নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন যশোদাবেন
ছবির ক্যাপশান, সরকারের দেয়া নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন যশোদাবেন
Published

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন তাঁকে দেয়া সরকারি নিরাপত্তার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে এ নিয়ে প্রশ্ন তুলেছেন।

ভারতের তথ্য অধিকার আইনের আওতায় যশোদাবেন গুজরাট রাজ্য সরকারের কাছে পেশ করা এক চিঠিতে তাকে দেয়া সরকারি নিরাপত্তার ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন।

তথ্য অধিকার আইনের আওতায় পেশ করা আবেদনে যশোদাবেন লিখেছেন, “আমি ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর স্ত্রী। আমি জানতে চাই ভারতীয় সংবিধান এবং আইনের কোন ধারায় আমাকে নিরাপত্তা দেয়া হচ্ছে।”

তিনি আরও লিখেছেন, “ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁর ব্যক্তিগত দেহরক্ষীদের গুলিতে নিহত হন। আমাকে যে নিরাপত্তা দেয়া হচ্ছে, তা নিয়ে আমি আতংকিত। সুতরাং আমার জন্য যে নিরাপত্তা রক্ষী দেয়া হয়েছে, তাদের বিস্তারিত তথ্য আমাদের জানানো হোক।”

যশোদাবেন জানিয়েছেন তিনি চলাফেরা করেন বাসে বা অন্য গণপরিবহনে। আর নিরাপত্তা রক্ষীরা সরকারি গাড়িতে চড়ে তাঁকে অনুসরণ করে।

অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা যশোদাবেনের সঙ্গে নরেন্দ্র মোদির বিয়ে হয় ১৭ বছর বয়সে। কিন্তু বহু বছর ধরে তারা এক সঙ্গে থাকেন না।

নরেন্দ্র মোদি যে বিবাহিত ছিলেন তা অনেক দিন পর্যন্ত গোপন রেখেছিলেন। এ বছরের এপ্রিলে নির্বাচনে প্রার্থী হিসেবে তিনি যে মনোনয়নপত্র পেশ করেন, সেখানেই তিনি প্রথম প্রকাশ করেন যে যশোদাবেন তাঁর স্ত্রী।

যশোদাবেন গুজরাটের মেহসানা জেলায় তাঁর ভাইয়ের সঙ্গে থাকেন। এ বছরের শুরুতে ভারতে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তিনি মাসে ১৪ হাজার রূপী পেনশন পান, সেই অর্থেই তাঁর জীবন চলে।

নরেন্দ্র মোদি বরাবরই তার ব্যক্তিগত জীবন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন। বলা হয়ে থাকে হিন্দু জাতীয়তাবাদী ভোটারদের আকর্ষণের জন্য তিনি কৌমার্যব্রত নিয়েছেন বলে দেখাতে চেয়েছিলেন।

কিন্তু গত মে মাসে বিপুল ভোটে বিজেপির বিজয়ের পর নরেন্দ্র মোদি যখন ভারতের প্রধানমন্ত্রী হন, তখন থেকে তাঁর স্ত্রী যশোদাবেনকে ২৪ ঘন্টার নিরাপত্তা দেয়া হয়।

সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছিলেন, বিয়ের তিন বছর পরই স্বামীর কাছ থেকে তিনি আলাদা হয়ে যান। বিয়ের পর তারা মাত্র তিন মাস এক সঙ্গে ছিলেন।

নরেন্দ্র মোদির সমালোচকরা অভিযোগ করে থাকেন যে তিনি হিন্দু জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে (আরএসএস) যোগ দেয়ার পর স্ত্রীকে পরিত্যাগ করেন। তারা বলে থাকেন, তিনি যে এত বছর ধরে তাঁর স্ত্রীকে অস্বীকার করে এসেছেন, সেটাই প্রমাণ করে মহিলাদের ব্যাপারে তিনি কি দৃষ্টিভঙ্গী পোষণ করেন।