সার্ক শীর্ষ সম্মেলনে বিদ্যুৎ সহযোগিতা কাঠামো স্বাক্ষর

কাঠমান্ডুতে সার্ক শীর্ষ সম্মেলনে আজ সদস্য দেশগুলোর মধ্যে জ্বালানি (বিদ্যুৎ) সহযোগিতার একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
কাঠমান্ডু থেকে বিবিসির সংবাদদাতা সঞ্জয় ধাকাল জানাচ্ছেন, শীর্ষ সম্মেলনের শেষ দিনে আজ সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এই চুক্তি স্বাক্ষর করেন।
এতে সার্ক সদস্য দেশগুলোর মধ্যে বিদ্যুৎ কেনাবেচা এবং বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। এ ছাড়া একটি আঞ্চলিক বিদ্যুৎ গ্রিড প্রতিষ্ঠার পথও এতে সুগম হবে - যা নিয়ে গত কয়েক বছর ধরেই আলোচনা চলছিল।
চুক্তিতে বলা হচ্ছে, সরকারি এবং বেসরকারি উভয় ধরণের প্রতিষ্ঠানই সার্কের মধ্যে বিদ্যুৎ ক্রয় এবং বিক্রয় করতে পারবে, আর সরকারগুলো তার সঞ্চালনের পথ সুগম করবে।
এ ছাড়াও এতে পুরো সার্ক অঞ্চলের মধ্যে বিদ্যুৎ সঞ্চালন ও সংযোগের ব্যবস্থাকে উন্নত করা এবং আঞ্চলিক গ্রিডকে ক্রমান্বয়ে সম্প্রসারিত করার কথাও আছে। আরো রয়েছে আঞ্চলিক ক্ষেত্রে বিদ্যুতের কর এবং লেভি পর্যায়ক্রমে অপসারণ করা।

ছবির উৎস, Xinhua
এবারের সার্ক শীর্ষ সম্মেলন শুরুর আগে ধারণা করা হচ্ছিল যে এতে অন্তত তিনটি চুক্তি স্বাক্ষরিত হবে। এর মধ্যে দুটি চুক্তি ছিল সার্ক দেশগুলোর মধ্যে মোটরযান এবং ট্রেন চলাচল সুগম করার লক্ষ্যে। কিন্তু গতকালই কাঠমান্ডুতে কূটনীতিকরা জানান যে ওই চুক্তিগুলো হচ্ছে না। কারণ পাকিস্তান জানিয়ে দেয় যে তারা ওই চুক্তি স্বাক্ষরের জন্য এখনো তৈরি নয়।
তৃতীয় চুক্তিটি ছিল এই জ্বালানি (বিদ্যুৎ) সহযোগিতা নিয়ে - তবে এটিও শেষ পর্যন্ত স্বাক্ষরিত হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল।
তবে শেষ পর্যন্ত সার্ক সরকারপ্রধানরা ধূলিখেলে সফরের সময় এ ব্যাপারে একমত হলে জ্বালানি সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পথে বাধা কেটে যায়।
ওই সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের নওয়াজ শরিফের মধ্যে সাক্ষাৎ, কুশল বিনিময় ও করমর্দন হয়েছে। তবে একে দু-নেতার মধ্যে 'সংলাপ' বলা যায় না - বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুথপাত্র সৈয়দ আকবর উদ্দিন।
বলা হয়ে থাকে যে প্রধানত ভারত আর পাকিস্তানের বৈরিতার কারণেই আঞ্চলিক জোট হিসেবে সার্ক সফল হতে পারছে না।
সার্কের আট সদস্য দেশ আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ. পাকিস্তান এবং শ্রীলংকা - সবারই রয়েছে বিদ্যুৎ সমস্যা।
সবগুলো দেশেরই জনসংখ্যার একটি বড় অংশ এখনো নিয়মিত বিদ্যুত সরবরাহ ব্যবস্থার বাইরে বাস করে।








