দুর্ঘটনায় বিজিবি সদস্যের মৃত্যুতে সংঘর্ষ : গুলিবিদ্ধ ৩

phulbari map
Published

বাংলাদেশের দিনাজপুর-ফুলবাড়ি সড়কে এক দুর্ঘটনায় বিজিবির দুই সদস্য নিহত হবার পর স্থানীয় গ্রামবাসীদের সাথে সংঘর্ষের সময় উত্তেজিত বিজিবির লোকদের গুলিতে তিন জন আহত হয়েছেন।

এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, বলছে পুলিশ।

সংবাদদাতারা জানাচ্ছেন, আজ দুপুরে দিনাজপুর-ফুলবাড়ি সড়কে একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুজন বিজিবি সদস্য নিহত হন। বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এই দুর্ঘটনার খবর পাবার পর স্থানীয় ব্যাটালিয়ন থেকে বিজিবি'র ক্ষুব্ধ কিছু সদস্য বেরিয়ে এসে দিনাজপুর-ফুলবাড়ি সড়কের দোকানপাট ভাঙচুর এবং লোকজনকে মারধর করতে থাকে ।

এর পর স্থানীয় লোকেরা সংগঠিত হয়ে বিজিবি সদস্যদের ধাওয়া করলে সংঘর্ষ শুরু হয়। এর এক পর্যায়ে বিজিবির সদস্যরা গুলিবর্ষণ করে।

এতে তিনজন স্থানীয় লোক পায়ে গুলিবিদ্ধ হন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।