শিশুদের জন্য ঢাকায় ব্যতিক্রমী ক্রিকেট ম্যাচ
জাতিসংঘের শিশু অধিকার সনদের ২৫ বছর পূর্তিতে আজ ঢাকায় একটি ব্যতিক্রমী ক্রিকেট ম্যাচের আয়োজন করছে ইউনিসেফ: উদ্দেশ্য শিশুদের আত্মবিশ্বাস বাড়ানো।
এই ক্রিকেটে একটি পক্ষে থাকবেন একদল কিশোর ও কিশোরীদের নিয়ে তৈরি একটি দল, যার নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।
আর তাদের মুখোমুখি হবেন রাজনীতিবিদ, সাংবাদিক ও খেলোয়াড়দের নিয়ে তৈরি আরেকটি দল।
ইউনিসেফ কর্মকর্তা শাকিল ফয়জুল্লাহ আজ সকালের অধিবেশনে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাতকারে বলেন এ ম্যাচটি আয়োজন করা হয়েছে শিশুদের ভালো বা উন্নয়নের জন্য যেসব গতানুগতিক কাজ করা হচ্ছে তার সাথে উদ্ভাবনী কিছু কাজও করা উচিত।

ছবির উৎস, unicef
তিনি বলেন এবারের শিশু অধিকার সনদের মূল কথাই হচ্ছে উদ্ভাবন।
মিস্টার ফয়জুল্লাহ বলেন, “সারা বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন মানুষ ছোট উদ্ভাবন করে নিজের ও প্রতিবেশীর উন্নয়নের চেষ্টা করছে যেগুলো আমরা জানিনা। এবার শিশু অধিকার সনদের ২৫ বছর পূর্তির একটা মূল কথা হলো উদ্ভাবন”।
আজ সকালের অধিবেশনে দেয়া এ সাক্ষাতকারে তিনি আরও জানান, “শিশুদের আত্মবিশ্বাস দেয়াই এ প্রচেষ্টার মূল উদ্দেশ্য। যাতে শত প্রতিকূলতার মধ্যেও তারা এগিয়ে যেতে পারে”।
মিস্টার ফয়জুল্লাহ বলেন শিশুদের আসলে বলার অধিকার থাকেনা। একটা স্টাডিতে দেখা গেছে বাংলাদেশে সংবাদমাধ্যমে মাত্র তিন শতাংশে শিশুদের খবর থাকে। শিশুদের বলার অধিকার বাংলাদেশে খুবই নগণ্য।
তিনি বলেন, “ক্রিকেট ম্যাচের মাধ্যমে আমরা এ বার্তাটি দিতে চাই যে আত্মবিশ্বাস নিয়ে শিশুরা অনেক কিছু করতে পারে যেটা হয়তো বড়রা ভাবতেই পারেনা। এর মাধ্যমে হয়তো এক সময়ে সবাই তাদের জায়গা করে দিবে কিছু বলার জন্য। সবাই হয়তো এর মাধ্যমে বুঝতে পারবেন যে শিশুদের কিছু বলার অধিকার রয়েছে”।








