জামায়াত নেতা আবদুস সোবহানের রায় যেকোনো দিন

ছবির উৎস, focus bangla
জামায়াতে ইসলামীর নেতা আবদুস সোবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যেকোনো দিন রায় ঘোষণা করা হবে।
দুপক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার সকালে রায় অপেক্ষমাণ রাখার এই ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির মি. সোবহানের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন আর লুটপাটের মোট নয়টি অভিযোগ রয়েছে।
গতবছরের ৩১ ডিসেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
মামলায় একত্রিশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
২০১২ সালের ২০ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের আদেশে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ গঠনের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী সুলতান মাহমুদ জানিয়েছিলেন, আব্দুস সোবহানের বিরুদ্ধে অভিযোগগুলো আনা হয়েছে মূলত পাবনা জেলায় সংঘটিত ঘটনা নিয়ে।
“পাবনা সদর, ঈশ্বরদী এবং সুজানগর, এই তিনটি থানায় মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যাসহ যে সব অপরাধ সংঘঠিত হয়েছে, সে বিষয়গুলোই অভিযোগ হিসেবে এসেছে মি: সুবহানের বিরুদ্ধে।”
তিনি জানান, ৭১ এ আবদুল সুবহান পাবনা জেলা জামায়াতের আমীর ছিলেন। এছাড়া তিনি প্রথমে শান্তি কমিটির সম্পাদক এবং পরে ভাইস চেয়ারম্যান হয়েছিলেন।
এক বছর তদন্তের পর তাঁর বিরুদ্ধে অভিযোগ আদালতে পেশ করা হয়েছে।
আদালতে মি সুবহান নিজেকে নির্দোষ দাবি করেন।








