হামলার আশংকায় মার্কিন দূতাবাসগুলোতে নিরাপত্তা জোরদার

Published

বন্দীদের ওপর সিআইএ’র নির্যাতন বিষয়ে এক রিপোর্ট প্রকাশের প্রাক্কালে বিশ্ব জুড়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং স্থাপনাগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে নাইন ইলেভেন, অর্থাৎ ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর গুয়ানতানামো শিবিরে সন্দেহভাজন হিসেবে যাদের আটক করা হয়, তাদের কাছ থেকে তথ্য আদায়ের জন্য সিআইএ নানা ধরণের নির্যাতন চালায় বলে অভিযোগ উঠে। এব্যাপারে সিনেটের একটি কমিটি যে দীর্ঘ তদন্ত চালায়, সেই তদন্ত রিপোর্ট আজ প্রকাশ করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশংকা করছেন, এই রিপোর্টের বিরুদ্ধে সহিংস প্রতিক্রিয়া হতে পারে।

একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মার্কিন দূতাবাসগুলিতে এবং বিশ্ব জুড়ে সব মার্কিন স্থাপনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এই রিপোর্ট প্রকাশ করা উচিৎ কিনা তা নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘ বিতর্ক চলেছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের আমলে সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গীদের ওপর এই নির্যাতনের নীতি নিয়েছিল সিআইএ।

প্রেসিডেন্ট ওবামা ক্ষমতায় এসে এই গোপন কর্মসূচি বন্ধ করে দেন।