গাইবান্ধায় বাসে পেট্রোল বোমা: শিশুসহ নিহত ৪

বাংলাদেশের গাইবান্ধা সদর উপজেলায় যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা হামলায় একটি শিশুসহ ৪জন নিহত হয়েছে। বাকিদের দু’জন পুরুষ ও একজন নারী।
গাইবান্ধার পুলিশ সুপার আশরাফুল ইসলাম বিবিসিকে জানান, এঘটনায় দগ্ধ হয়েছেন অন্তত ২৫ জন। তাদের মধ্যে দু'জনের অবস্থা আশংকা জনক।
পুলিশ জানায়, গাইবান্ধা সদর উপজেলার তুলশিঘাটে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ প্রহরায় একটি গাড়ি বহর যাওয়ার সময় এর উপর পেট্রোল বোমা হামলা চালানো হয়।
গাইবান্ধার পুলিশ সুপার আশরাফুল ইসলাম বিবিসিকে বলেন, আহতদেরকে চিকিৎসার জন্য প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাপু পরিবহনের ওই যাত্রীবাহী বাসটিতে ৫০/৬০ জন আরোহী ছিলেন।
গাইবান্ধা বাস টার্মিনাল রওনা দিয়ে তুলশিঘাট এলাকায় পৌঁছালে ওই বাসে পেট্রোল বোমা ছুড়ে মারা হয়।
এঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানান গাইবান্ধার পুলিশ সুপার।




